চোখের নিচের কালো দাগ দূর করুন পুদিনার তেল দিয়ে, রইল সহজ কিছু উপায়

চোখের নিচের কালো দাগ ও ফোলা ভাব এখন একটি সাধারণ সমস্যা। শারীরিক বা মানসিক ক্লান্তি, অনিদ্রা এবং কাজের চাপ—এই সবই চোখের নিচে কালো দাগের কারণ হতে পারে। এই সমস্যা দূর করতে অনেকে দামি প্রসাধনী ব্যবহার করলেও, খুব সহজে এবং কম খরচে পুদিনার তেল ব্যবহার করে এর সমাধান করা সম্ভব।

পুদিনা পাতায় থাকা ‘মিন্ট’ উপাদান ত্বকের প্রদাহ ও সংক্রমণ কমাতে সাহায্য করে। এর অ্যান্টিঅক্সিডেন্ট ব্রণ-ফুসকুড়ির সমস্যাও দূর করতে পারে। চোখের নিচের কালো দাগ বা ডার্ক সার্কেল দূর করতে পুদিনার তেল খুবই কার্যকর।

চোখের নিচে পুদিনার তেল ব্যবহারের কয়েকটি সহজ পদ্ধতি নিচে দেওয়া হলো:

১. নারকেল তেলের সঙ্গে মিশ্রণ: এক চামচ নারকেল তেলের সঙ্গে ৪-৫ ফোঁটা পুদিনার তেল মিশিয়ে নিন। এই মিশ্রণটি রাতে ঘুমানোর আগে চোখের নিচে লাগিয়ে সারারাত রেখে দিন। সকালে হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন।

২. তুলোর ব্যবহার: একটি তুলোর বল পুদিনার তেলে ভিজিয়ে চোখের নিচে চেপে চেপে লাগান। ১০ মিনিট পর ধুয়ে ফেলুন। এটি শুধু কালো দাগই দূর করবে না, চোখের ক্লান্তিও কমাবে।

৩. ম্যাসাজ: আঙুলে কয়েক ফোঁটা পুদিনার তেল নিয়ে চোখের নিচে আলতো করে মালিশ করুন। এর ঠান্ডা অনুভূতি রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করবে এবং চোখের ক্লান্তি দূর হবে।

৪. ফেস মাস্কে ব্যবহার: আপনি যে ফেস মাস্ক ব্যবহার করেন, তাতে কয়েক ফোঁটা পুদিনার তেল মিশিয়ে নিন। এই মাস্কটি চোখের নিচে লাগিয়ে ১০-১৫ মিনিট পর পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত দু’বার এটি করলে ভালো ফল পাবেন।

৫. শসার সঙ্গে আই-মাস্ক: চোখের নিচের ফোলা ভাব বা জ্বালাপোড়ার সমস্যা থাকলে শসা ও পুদিনার তেলের আই-মাস্ক খুবই কার্যকরী। শসার গোল টুকরোগুলো চোখের উপর রেখে তার ওপর কয়েক ফোঁটা পুদিনার তেল দিন। ১৫-২০ মিনিট পর চোখ ধুয়ে ফেললে আরাম পাবেন এবং ফোলা ভাব কমে যাবে।

এই পদ্ধতিগুলো নিয়মিত অনুসরণ করলে চোখের নিচের কালো দাগ এবং ফোলা ভাব থেকে সহজেই মুক্তি পাওয়া সম্ভব।