শ্রাবণী মেলা উপলক্ষে আজ বাঁকুড়ার এক্তেশ্বর শিবমন্দির প্রাঙ্গণে এক অভূতপূর্ব উন্মাদনা দেখা গেল। এক্তেশ্বর শিবমন্দির উন্নয়ন কমিটির উদ্যোগে আজ সকালে প্রায় দেড় হাজার মঙ্গল ঘটের এক বিশাল শোভাযাত্রা শহর পরিক্রমা করে এক্তশ্বরে পৌঁছায়। এই বর্ণাঢ্য শোভাযাত্রা দেখতে রাস্তার দু’ধারে ছিল অসংখ্য মানুষের ভিড়।
সকাল থেকেই এই মঙ্গল ঘট শোভাযাত্রার জন্য ভক্তরা এক্তেশ্বর মন্দির চত্বরে সমবেত হতে শুরু করেন। শুশুনিয়া পাহাড়ের পবিত্র ঝর্ণার জল নিয়ে দেড় হাজারেরও বেশি মহিলা এই শোভাযাত্রায় অংশ নেন। তাদের পরনে ছিল ঐতিহ্যবাহী পোশাক, হাতে মঙ্গল ঘট। শোভাযাত্রার মূল আকর্ষণ ছিল মহিলা ব্যান্ড পার্টি, বিভিন্ন নামীদামী বাজনার দল এবং মহিলা কীর্তন দল, যারা ভক্তিগীতি পরিবেশন করতে করতে এগিয়ে চলছিলেন। তাদের ছন্দময় পরিবেশনা শোভাযাত্রায় এক বিশেষ মাত্রা যোগ করে।
মন্দির উন্নয়ন কমিটির কর্মকর্তা সন্টু কুন্ডু জানান, বিগত কয়েক বছরের মতোই এবারও শ্রাবণী মেলা উপলক্ষে এই বিশাল মঙ্গল ঘটের শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। তিনি বলেন, “শিবের জন্মমাস উপলক্ষে সারা শ্রাবণ মাস ধরেই প্রতি দিন সন্ধ্যায় মন্দিরে বিশেষ শৃঙ্গার ও পূজাপাঠের আয়োজন করা হয়েছে। এই সময় মন্দিরে প্রচুর ভক্ত সমাগম হয় এবং দূর-দূরান্ত থেকে ভক্তরা বাবা এক্তেশ্বরের দর্শন ও পুজো দিতে আসেন।”
তিনি আরও জানান, আগামী রবিবার দুপুরে মন্দিরে এক বিরাট অন্নকূট প্রসাদের আয়োজন করা হয়েছে, যেখানে বহু ভক্ত প্রসাদ গ্রহণ করতে পারবেন। কমিটির পক্ষ থেকে আশা করা হচ্ছে, শ্রাবণ মাস জুড়ে এই পবিত্র পরিবেশে ভক্তদের বিপুল সমাগম হবে এবং নির্বিঘ্নে সমস্ত ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন হবে। এই শোভাযাত্রা এবং মাসব্যাপী ধর্মীয় আয়োজন বাঁকুড়ার ধর্মপ্রাণ মানুষের মধ্যে এক উৎসবের মেজাজ তৈরি করেছে।