রাজস্থানে স্কুল ভবন ধসে ৪ শিশুর মৃত্যু, ধ্বংসস্তূপে আটকা পড়েছে ৪০ জন শিক্ষার্থী!

রাজস্থানের ঝালাওয়ার জেলার মনোহর থানার পিপলোদি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন ধসে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত ৪ জন শিশুর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে এবং কমপক্ষে ৪০ জন শিক্ষার্থী ধ্বংসস্তূপে আটকা পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। এই ঘটনায় আরও ১৭ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ৩-৪ জনের অবস্থা আশঙ্কাজনক।
জানা গেছে, বিদ্যালয় ভবনটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় ছিল এবং এ বিষয়ে একাধিকবার অভিযোগও জানানো হয়েছিল। স্কুলটিতে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়।
ঝালাওয়ারের পুলিশ সুপার অমিত কুমার জানিয়েছেন, উদ্ধারকাজ চলছে এবং আহতদের মধ্যে ১০ জনকে উন্নত চিকিৎসার জন্য ঝালাওয়ারের বড় হাসপাতালে রেফার করা হয়েছে। দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দা এবং শিক্ষার্থীদের স্বজনেরা উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েন। অন্তত চারটি জেসিবি মেশিন ব্যবহার করে ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে পুরোদমে। জেলা প্রশাসক এবং দুর্যোগ ব্যবস্থাপনা দলও ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।
ঘটনার পর রাজস্থানের শিক্ষামন্ত্রী মদন দিলাওয়ার গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, “জেলার প্রশাসনকে নির্দেশ দিয়েছি যাতে আহত শিশুদের চিকিৎসায় কোনো ঘাটতি না থাকে। এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে এবং কেন ভবনটি ধসে পড়লো তা খতিয়ে দেখা হবে।” তিনি আরও জানান যে, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সর্বোচ্চ সহায়তা দেওয়ার জন্য তিনি জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছেন।
আহত শিশুদের প্রথমে মনোহর থানার হাসপাতালে ভর্তি করা হয়েছিল, কিন্তু যাদের অবস্থা গুরুতর, তাদের ঝালাওয়ার জেলার বড় হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে। এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।