মাতৃত্বকালীন বা পিতৃত্বকালীন ছুটির বিষয়টি সকলেরই জানা, যা নবজাতক সন্তানের দেখভালের জন্য মা-বাবাকে দেওয়া হয়। কিন্তু এবার কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সুখবর। অসুস্থ ও বয়স্ক মা-বাবার দেখভালের জন্য তারা ৩০ দিন পর্যন্ত ছুটি নিতে পারবেন। বৃহস্পতিবার রাজ্যসভায় এক প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং এই গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছেন।
সংসদে প্রশ্ন করা হয়েছিল যে, বয়স্ক মা-বাবার দেখভালের জন্য সরকারি কর্মীদের ছুটির কোনো নির্দিষ্ট নিয়ম আছে কি না। এর উত্তরে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং জানান, সার্ভিস রুলস অনুযায়ী কেন্দ্রীয় সরকারি কর্মীরা ব্যক্তিগত কারণে ৩০ দিন পর্যন্ত ছুটি পেতে পারেন। মা-বাবার শারীরিক অসুস্থতা এবং তাদের দেখভাল এই ছুটির আওতাভুক্ত।
কেন্দ্রের তরফে লিখিত জবাবে বলা হয়েছে, সেন্ট্রাল সিভিল সার্ভিস (লিভস) রুল ১৯৭২-এর বিধান অনুযায়ী, কেন্দ্রীয় সরকারি কর্মীরা তাঁদের বরাদ্দ ছুটির বাইরেও বছরে ৩০ দিনের আর্নড লিভ (Earned Leave), ২০ দিনের হাফ পে লিভ (Half Pay Leave), ৮ দিনের ক্যাজুয়াল লিভ (Casual Leave), এবং ২ দিনের রেস্ট্রিকটেড লিভ (Restricted Leave) পেয়ে থাকেন। বয়স্ক মা-বাবার দেখভাল সহ যেকোনো ব্যক্তিগত কারণে কেন্দ্রীয় সরকারি কর্মীরা এই ছুটি নিতে পারবেন।
উল্লেখ্য, সেন্ট্রাল সিভিল সার্ভিস (লিভস) রুলের অধীনে সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মীরাই এই ছুটির সুবিধা পাবেন। তবে, রেলওয়ে এবং অল ইন্ডিয়া সার্ভিসের ক্ষেত্রে ছুটির নিয়মাবলী আলাদা।
এই নিয়মের অধীনে কেন্দ্রীয় সরকারি কর্মীরা বিভিন্ন ধরনের ছুটি পান, যার মধ্যে রয়েছে আর্নড লিভ, হাফ পে লিভ, কমিউটেড লিভ, লিভ নট ডিউ, এক্সট্রাঅর্ডিনারি লিভ, মেটারনিটি লিভ, প্যাটারনিটি লিভ, চাইল্ড কেয়ার লিভ, স্টাডি লিভ, স্পেশাল ডিসএবিলিটি লিভ, সি-মেন সিক লিভ, হসপিটাল লিভ এবং ডিপার্টমেন্টাল লিভ। এই ছুটিগুলো এক বছরে দুই ভাগে কর্মীদের অ্যাকাউন্টে জমা হয়। এই পদক্ষেপের ফলে কর্মীরা তাঁদের বয়স্ক মা-বাবার প্রতি আরও ভালোভাবে দায়িত্ব পালন করতে পারবেন বলে আশা করা হচ্ছে।





