বিহারের ‘SIR আতঙ্ক’ বাংলায়, সীমান্তবর্তী জেলায় ভোটার হওয়ার হিড়িক, কমিশনের অন্দরে প্রশ্ন

একদিকে বিহারে বিশেষ নিবিড় সংশোধন (Special Intensive Revision – SIR) প্রক্রিয়া শেষের পথে, অন্যদিকে সেই ‘SIR আতঙ্ক’ এসে গ্রাস করেছে পশ্চিমবঙ্গকে। এই পরিস্থিতিতে বাংলার সীমান্তবর্তী জেলাগুলোতে ভোটার তালিকায় নাম নথিভুক্ত করার এক নজিরবিহীন হিড়িক পড়ে গেছে। গত এক সপ্তাহে রাজ্যের সীমান্তবর্তী জেলাগুলিতে প্রায় ৭৫ হাজার ফর্ম-৬ বা ভোটার তালিকায় নাম তোলার আবেদন জমা পড়েছে, যা স্বাভাবিক সময়ের তুলনায় তিনগুণ বেশি। এই আকস্মিক আগ্রহের কারণে নির্বাচন কমিশনও নড়েচড়ে বসেছে।

আচমকা তিনগুণ আবেদন, কমিশনের অন্দরে প্রশ্ন
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, নদিয়া, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনা – এই ৯টি সীমান্তবর্তী জেলা থেকে নতুন করে ভোটার কার্ডে নাম অন্তর্ভুক্ত করার জন্য এই ব্যাপক সংখ্যক আবেদন জমা পড়েছে। সাধারণত এক সপ্তাহে এই সংখ্যা ২৫ থেকে ৩০ হাজারের মধ্যে থাকে। কিন্তু গত সাত দিনে এর তিনগুণ বেশি আবেদন জমা পড়ায় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরও বিস্মিত।

কমিশনের অন্দরে এখন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে: আচমকা তিনগুণ হারে ভোটার তালিকায় নাম তুলতে আগ্রহ বাড়লো কেন? তাহলে কি এতদিন এই ব্যক্তিরা ভোটার কার্ড ছাড়াই ভোটাধিকার প্রয়োগ করে এসেছেন?

‘এনুমারেশন ফর্ম’ ও নাগরিকত্বের প্রশ্ন
কমিশনের এক পদস্থ আধিকারিক জানিয়েছেন, নতুন প্রজন্মের ভোটারদের পাশাপাশি বয়স্ক ভোটাররাও এই আবেদন করেছেন। আধিকারিকের বক্তব্য, রাজ্যে SIR প্রক্রিয়া শুরু হবে এটা ধরেই এনু মারেসন ফর্ম (Enumeration Form) যাতে তাদের কাছেও পৌঁছায়, তা নিশ্চিত করতে ভোটার তালিকায় নাম তোলা বা অন্তর্ভুক্তির এই আগ্রহ বাড়ছে। কারণ, এ রাজ্যে ২০০২ সালের ভোটার তালিকায় যাদের নাম থাকবে, তাদেরকেই এনু মারেসন ফর্ম বিলি করবেন বুথ লেভেল অফিসাররা (BLO)। সে কারণেই যাদের এখনও পর্যন্ত ভোটার তালিকায় নাম নথিভুক্ত হয়নি, তারা যত শীঘ্র সম্ভব নাম তুলতে চাইছেন। অন্যথায়, এ রাজ্যের ভোটাধিকার থেকে তারা শুধু বঞ্চিতই হবেন না, একইসঙ্গে তাদের নাগরিকত্ব নিয়েও প্রশ্ন উঠতে পারে।

বিশেষ করে বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা হওয়ায়, সম্প্রতি বিহার বিধানসভা নির্বাচন এবং রাজনৈতিক স্তরে SIR বা ‘বাংলাদেশী হটাও’ কর্মসূচির ব্যাপকতা বৃদ্ধি পাওয়ায় এই সীমান্তবর্তী মানুষজন ‘পুশব্যাক’ হওয়া থেকে নিস্তার পেতে চাইছেন বলে মনে করা হচ্ছে।

বাংলার দুয়ারে SIR: অগস্টে শুরু হওয়ার সম্ভাবনা, নথির সংখ্যা বাড়ার ইঙ্গিত
বিহারের নভেম্বরের বিধানসভা নির্বাচন উপলক্ষে সেখানে SIR প্রক্রিয়া প্রায় শেষের পথে। এরপরই আগামী ২০২৬ সালের নির্বাচনে পশ্চিমবঙ্গ-সহ যে রাজ্যগুলি যুক্ত রয়েছে, সেই রাজ্যগুলোতে SIR প্রক্রিয়া শুরু করতে চায় নির্বাচন কমিশন।

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে জানানো হয়েছে, আগামী আগস্ট মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে এ রাজ্যে SIR প্রক্রিয়া শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। যেহেতু পশ্চিমবঙ্গে দুর্গাপূজা উপলক্ষে একটি বড় সময় ছুটি থাকে, সেকথা মাথায় রেখেই কমিশন বাংলায় SIR প্রক্রিয়া শুরু করতে চায়। জানা গেছে, বিহারের ক্ষেত্রে ১১টি নথি চাওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নথির সংখ্যা বাড়লেও বাড়তে পারে বলে জানিয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। অবশ্য জাতীয় নির্বাচন কমিশন আগেই ইঙ্গিত দিয়েছিল যে, SIR-এর ক্ষেত্রে রাজ্য বিশেষে নথির সংখ্যা কম বেশি হতে পারে। বিশেষ করে বাংলাদেশ সীমান্তবর্তী পশ্চিমবঙ্গের ক্ষেত্রে SIR-এর নথির সংখ্যার তারতম্য হতে পারে বলে মনে করছে সিইও দপ্তর।

এই সব জেলাগুলিতে গত সাত দিনে ভোটার কার্ডের জন্য আবেদন দ্বিগুণ হারে বেড়ে যাওয়ায় নির্বাচন কমিশন নড়েচড়ে বসেছে। তারা সব তথ্য খতিয়ে দেখে নতুন ভোটার কার্ড তৈরির পাশাপাশি কেন এত আবেদন, সেই বিষয়টিও তদন্ত করে দেখছে।