OMG! মাঝ আকাশ থেকে বিমান নিখোঁজ, উধাও ৫০ আরোহী, গভীর জঙ্গলে জোরদার তল্লাশি

রাশিয়ার সুদূর প্রাচ্যে এক যাত্রীবাহী বিমান হঠাৎ করে রাডার থেকে অদৃশ্য হয়ে যাওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। সাইবেরিয়া-ভিত্তিক আঙ্গারা এয়ারলাইন্সের ওই বিমানে প্রায় ৫০ জন আরোহী ছিলেন, যার মধ্যে অন্তত পাঁচজন শিশু। চীনা সীমান্ত এলাকার কাছাকাছি পৌঁছানোর আগেই বিমানটির সঙ্গে হঠাৎ করে এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং এরপর থেকেই সেটির কোনো হদিস পাওয়া যায়নি।

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সাইবেরিয়া-ভিত্তিক আঙ্গারা এয়ারলাইন্সের An-24 বিমানটি আমুর অঞ্চলের টিন্ডা শহরের দিকে যাচ্ছিল। উড্ডয়নের মাঝপথে হঠাৎ রাডার থেকে উধাও হয়ে যাওয়ায় মুহূর্তেই শুরু হয় এক বিশাল অনুসন্ধান ও উদ্ধার অভিযান।

আমুর অঞ্চলের গভর্নর ভ্যাসিলি অরলভ তার টেলিগ্রাম বার্তায় জানান, প্রাথমিক রিপোর্ট অনুযায়ী বিমানে ৪৩ জন যাত্রী ও ৬ জন ক্রু-সহ মোট ৪৯ জন ছিলেন। এর মধ্যে ৫ জন শিশু। তিনি লেখেন, “বিমানটির সন্ধানে সমস্ত জরুরি পরিষেবা মোতায়েন করা হয়েছে। উদ্ধারকর্মীরা তাদের সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন।” যদিও জরুরি মন্ত্রণালয় কিছুটা কম সংখ্যা উল্লেখ করে বলেছে যে বিমানে প্রায় ৪০ জন যাত্রী থাকতে পারেন। তবে প্রকৃত সংখ্যা যাচাই করার কাজ এখনও চলছে।

এই মুহূর্তে উদ্ধারকারীদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো দুর্গম ভূখণ্ড। ঘন বনাঞ্চল, পাহাড়ি রাস্তা এবং প্রতিকূল আবহাওয়ার কারণে অনুসন্ধান অভিযান চালাতে তাদের প্রচণ্ড বেগ পেতে হচ্ছে। কর্তৃপক্ষ স্থানীয় বাসিন্দাদেরও সতর্ক থাকতে বলেছেন এবং নিখোঁজ বিমানের কোনো ধ্বংসাবশেষ বা চিহ্ন দেখলে অবিলম্বে প্রশাসনকে জানানোর জন্য অনুরোধ করেছেন।

এই খবর ছড়িয়ে পড়তেই নিখোঁজ যাত্রীদের পরিবারের মধ্যে নেমে এসেছে গভীর শোকের ছায়া। তাদের প্রিয়জনদের ভাগ্যে কী ঘটেছে, তা নিয়ে চরম অনিশ্চয়তা বিরাজ করছে। যদিও প্রশাসন আশ্বস্ত করেছে যে, উদ্ধারকাজ অব্যাহত থাকবে এবং প্রতিটি আপডেট দ্রুত তাদের জানানো হবে।