ঘূর্ণিঝড় ‘উইফা’-র প্রভাবে বাংলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, জারি করা হলো সতর্কতা

ঘূর্ণিঝড় ‘উইফা’-র অবশিষ্টাংশ থেকে শক্তি সঞ্চয় করে বঙ্গোপসাগরে একটি নতুন নিম্নচাপ তৈরি হওয়ায় চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, চীন সাগর থেকে আসা এই বিধ্বংসী ঘূর্ণিঝড়ের অংশ বিশেষ বঙ্গোপসাগরে এসে নতুন করে ঘূর্ণাবর্ত সৃষ্টি করেছে, যা আগামী ২৪ ঘণ্টার মধ্যে আরও শক্তিশালী হয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হতে পারে। এর প্রভাবে বৃহস্পতিবার থেকে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় টানা বৃষ্টিপাত চলবে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড় ‘উইফা’র অবশেষ আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ওড়িশা এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলের দিকে অগ্রসর হবে। আজ সকালে উত্তর বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হয়েছে, সেটি আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পশ্চিম-উত্তর পশ্চিম দিকে উত্তর ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলের দিকে এগোবে। এর ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ইতিমধ্যেই বৃষ্টির ধারা শুরু হয়ে গেছে, যা আগামী কয়েকদিন ধরে চলবে। বৃহস্পতিবার এবং শুক্রবার বৃষ্টির পরিমাণ সব থেকে বেশি থাকবে বলে সতর্ক করা হয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উপকূলীয় জেলাগুলোতে এই দুই দিন অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।

মৎস্যজীবীদের জন্য সতর্কতা

বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল হয়ে উঠবে। তাই আজ, ২৪শে জুলাই বৃহস্পতিবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। একইসঙ্গে, নদীর জলস্তর বৃদ্ধি এবং উপকূলের নিচু এলাকাগুলি নতুন করে প্লাবিত হওয়ার আশঙ্কাও করা হচ্ছে।

দক্ষিণবঙ্গের জেলাভিত্তিক পূর্বাভাস

বৃষ্টির দাপট সবচেয়ে বেশি থাকবে বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনা জেলাতে, যেখানে আজ অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ অন্যান্য জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে দুই এক পশলা ভারী বৃষ্টি হতে পারে। শুক্রবারও আকাশ মেঘলা থাকবে এবং পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এছাড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনা, হুগলি এবং বাঁকুড়ায় ভারী বৃষ্টি হতে পারে। আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই দফায় দফায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত চলবে। বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গে আজ বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম। তবে কাল, শুক্রবার থেকে রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ওপরের পাঁচটি জেলার কয়েকটি জায়গায় দুই এক পশলা ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে সব জেলাতেই। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী সপ্তাহের শুরু পর্যন্ত উত্তরবঙ্গেও দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে।

কলকাতার আবহাওয়া

কলকাতায় আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিনও মহানগরীতে বৃষ্টি হতে পারে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১.৩ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে বলে জানানো হয়েছে।