প্রচলিত ধারণা অনুসারে, লং ডিসট্যান্স সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই। ১০০ জনের মধ্যে ৯৯ জনই মনে করেন, এমন সম্পর্ক একদিন ভেঙে যাবে। কিন্তু এই ধারণা সম্পূর্ণ ভিত্তিহীন। বিশেষজ্ঞরা বলছেন, মনের মানুষ চোখের সামনে না থাকলেও সম্পর্ক ভালোভাবে টিকিয়ে রাখা সম্ভব। এর জন্য প্রয়োজন শুধু কিছু সহজ কৌশল মেনে চলা।
মানসিকভাবে প্রস্তুত থাকুন:
যদি আপনার সঙ্গী অন্য শহরে বা দেশে থাকেন, তবে প্রথমেই মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। চোখের সামনে অন্য দম্পতিদের একসঙ্গে ঘুরতে দেখলে বা বন্ধুবান্ধব ও আত্মীয়দের নেতিবাচক কথা শুনলে হতাশ হওয়া স্বাভাবিক। কিন্তু মনে রাখতে হবে, আজকের ডিজিটাল যুগে দূরত্ব কোনো বাধা নয়। সম্পর্কের মূল ভিত্তি হলো মনের মিল।
ভার্চুয়াল যোগাযোগ রাখুন:
কফি শপে দেখা করতে না পারলেও ভিডিও কল, টেক্সট মেসেজ বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিয়মিত যোগাযোগ রাখা সম্ভব। তবে ভার্চুয়াল যোগাযোগের ক্ষেত্রেও একটি সীমা মেনে চলা জরুরি। মেসেজের উত্তর দিতে বা ভিডিও কল ধরতে দেরি হতে পারে, যা নিয়ে অহেতুক দুশ্চিন্তা করা ঠিক নয়। মনে রাখতে হবে, শুধু প্রেম নিয়েই জীবন নয়; বন্ধু-বান্ধব এবং পরিবারের জন্যও সময় রাখা প্রয়োজন। তাই সর্বক্ষণ মেসেজ বা কল করে সঙ্গীকে বিব্রত করা থেকে বিরত থাকুন।
একসঙ্গে সময় কাটানোর নতুন উপায়:
একসঙ্গে সময় কাটানো মানে শুধু চ্যাট করা নয়। ভার্চুয়াল প্ল্যাটফর্ম ব্যবহার করে আপনারা একসঙ্গে বই পড়তে পারেন, এক্সারসাইজ করতে পারেন বা সিনেমাও দেখতে পারেন। সোশ্যাল মিডিয়ায় সঙ্গীর উপর নজরদারি না করে বরং একে অপরের শখ বা আগ্রহের ছবি ও ভিডিও শেয়ার করতে পারেন। মাঝে মাঝে ভার্চুয়াল ডেটের পরিকল্পনা করাও সম্পর্ককে সতেজ রাখে।
সাক্ষাতের চেষ্টা করুন:
যদি সম্ভব হয়, মাসে একবার বা অন্তত ছয় মাসে একবার একে অপরের সঙ্গে দেখা করার চেষ্টা করুন। তবে সবসময় যে এটা সম্ভব হবে না, সেই মানসিক প্রস্তুতিও রাখতে হবে। লং ডিসট্যান্স সম্পর্কে যদি দুজনেরই আত্মবিশ্বাস থাকে, তাহলে দূরত্ব কোনো বাধা হয়ে দাঁড়াবে না। ভালোবাসা আর পারস্পরিক বোঝাপড়া থাকলে দূরে থেকেও একটি সুস্থ এবং দীর্ঘস্থায়ী সম্পর্ক গড়ে তোলা সম্ভব।