ঢাকার আকাশে শোকের কালো মেঘ! মাইলস্টোন স্কুলের মর্মান্তিক পরিণতি, বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে 27

এক নিমেষে যেন সব শেষ হয়ে গেল। সোমবার দুপুরে ঢাকার উত্তরার দিয়াবাড়িতে এক ভয়াবহ বিমান দুর্ঘটনায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান (এফটি-৭ বিজিআই) ভেঙে পড়ল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ওপর। গতকালের এই ঘটনায় মঙ্গলবার সকালে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ জনে, এবং আহত হয়েছেন ১৭২ জন।
যখন ঘটনাটি ঘটে, তখন স্কুলটিতে ক্লাস চলছিল। চীনা প্রযুক্তিতে তৈরি এই বিমানটি ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে দাউদাউ করে আগুন জ্বলে ওঠে। মুহূর্তের মধ্যে স্কুল ভবনের একাংশ ধ্বংসস্তূপে পরিণত হয় এবং বহু শিশু ও শিক্ষক ঝলসে যান। গোটা এলাকা জুড়ে শুধুই আর্তনাদ আর হাহাকার।
আহত শিক্ষার্থীরা জানিয়েছে, বিমানটি ভেঙে পড়ার সময় ভবনগুলো প্রচণ্ড কাঁপছিল এবং একের পর এক বিস্ফোরণের শব্দে গোটা এলাকা কেঁপে ওঠে। প্রাণ বাঁচানোর জন্য তারা দিশেহারা হয়ে দৌড়তে থাকে।
বিমান বাহিনীর প্রাথমিক তদন্তে জানা গেছে, বিমানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল। বিমানটিকে জনবিরল এলাকায় নিয়ে যাওয়ার চেষ্টা করা হলেও, সেটি নিয়ন্ত্রণ হারিয়ে স্কুল ও কলেজ ক্যাম্পাসের ওপরই বিধ্বস্ত হয়।
এই মর্মান্তিক ঘটনায় আজ সারাদেশে জাতীয় শোক ঘোষণা করা হয়েছে এবং জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। এই অপ্রত্যাশিত দুর্ঘটনায় সমগ্র বাংলাদেশ জুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে।