পোড়া মুখ, ক্ষতবিক্ষত অজ্ঞাতপরিচয় যুবকের দেহ উদ্ধার, নৃশংস হত্যাকাণ্ড ঘিরে চাঞ্চল্য,

উত্তর দিনাজপুরের কানকি ফাঁড়ি এলাকার নাজিরপুর গ্রামে একটি জলাজমি থেকে বৃহস্পতিবার এক অজ্ঞাতপরিচয় যুবকের নৃশংসভাবে ক্ষতবিক্ষত ও ঝলসে যাওয়া দেহ উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। দেহটি এতটাই বিকৃত ছিল যে, প্রাথমিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। স্থানীয়দের দাবি, এমন ভয়াবহ ঘটনা এই শান্ত এলাকায় আগে কখনও ঘটেনি।

বৃহস্পতিবার সকালে নাজিরপুর গ্রামের একটি জলাজমিতে স্থানীয় বাসিন্দারা ওই যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দেখতে পায়, মৃত যুবকের মুখ পোড়া, গলায় ধারালো অস্ত্রের গভীর কোপ এবং শরীরে কোনো পোশাক নেই। এছাড়া, তার হাত ভাঙা ছিল বলেও স্থানীয়রা জানিয়েছেন। এই ধরনের নিষ্ঠুর হত্যাকাণ্ডের ঘটনায় এলাকাবাসী স্তম্ভিত।

স্থানীয় বাসিন্দা দিলীপ ব্যাপারী ঘটনার বর্ণনা দিতে গিয়ে বলেন, “সকালে শুনলাম এখানে একটা দেহ পড়ে আছে। এসে দেখি একদমই কমবয়সি ছেলে। পুলিশকেও জানানো হয়েছে। তবে দেহ চেনা যাচ্ছে না। মনে হচ্ছে নৃশংসভাবে মেরেছে। পুড়িয়ে দিয়েছে, হাত ভাঙা, গলার নলি কাটা। এমন ঘটনা আগে কখনও এই এলাকায় ঘটেনি, আমরা হতবাক।”

কানকি পুলিশ ফাঁড়ির আধিকারিকরা মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ইসলামপুর পুলিশ জেলার সুপার জবি থমাস এই বিষয়ে জানিয়েছেন, “একটি মৃতদেহ উদ্ধার হয়েছে। ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।”

কে বা কারা এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, এবং এর পেছনের কারণ কী, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ এই ঘটনার দ্রুত কিনারা করার চেষ্টা করছে। এই নির্মম ঘটনা এলাকার মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে।