গালিগালাজ কি মানসিক চাপ কমানোর নতুন দাওয়াই? গবেষণা যা বলছে…

স্কুল-কলেজ, বাড়িতে বা কর্মস্থলে যদি কেউ রাগের মাথায় গালিগালাজ করে বসেন, তাহলে তো মহা কেলেঙ্কারি! সমাজ হয়তো এটাকে খারাপ চোখে দেখে। কিন্তু সাম্প্রতিক গবেষণাগুলো ভিন্ন কথা বলছে। গবেষকদের দাবি, গালিগালাজ আসলে মানসিক চাপ কমাতে সাহায্য করে, যা স্বাস্থ্যের পক্ষে ইতিবাচক!
একাধিক মার্কিন গবেষণায় প্রমাণ মিলেছে যে, মানসিক চাপ, অবসাদ এবং মাত্রাতিরিক্ত উত্তেজনা কমানোর ক্ষেত্রে গালিগালাজ বেশ কার্যকর ভূমিকা পালন করে। এই ধারণার সঙ্গে একমত ব্রিটিশ গবেষক ও মনোবিজ্ঞানীরাও।
কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের তাত্ত্বিক ও ফলিত ভাষাতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. কিরিকুস অ্যান্টনিও জানান, “গালিগালাজ আসলে মন থেকে রাগ, ক্ষোভ বের করে মানসিক চাপ কাটানোর একটি সহজ উপায়।”
অ্যান্টনিওর মতে, যেসব মানুষ উত্তেজিত হলেও গালিগালাজ করতে পারেন না বা করেন না, তাদের মধ্যে মানসিক অবসাদ, উচ্চ রক্তচাপ এবং বিভিন্ন স্নায়বিক সমস্যা দেখা যেতে পারে। শুধু তাই নয়, কখনো কখনো এসব ব্যক্তির মধ্যে দ্বৈত ব্যক্তিত্বের (split personality) সমস্যাও দেখা যায়। তুলনামূলকভাবে, যারা সহজে গালিগালাজ করে চাপমুক্ত হন, তারা অনেক বেশি সুস্থ থাকেন।