ফেলে দেওয়া তরমুজের খোসাতেও লুকিয়ে আছে হাজারো গুণ! জানলে অবাক হবেন!

গরমকাল মানেই ফলের বাজারে তরমুজের ছড়াছড়ি। এই মৌসুমে তরমুজই সবচেয়ে জনপ্রিয় ফল। কারণ এটি যেমন মিষ্টি, তেমনই উপকারী। গরমে প্রাণ জুড়াতে তরমুজের জুড়ি মেলা ভার। এই ফলে প্রায় ৯২ শতাংশ জল থাকে, সেইসঙ্গে রয়েছে প্রয়োজনীয় ভিটামিন এ, ভিটামিন সি, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম-এর মতো জরুরি পুষ্টি উপাদান।

আমরা সাধারণত তরমুজের কেবল লাল অংশটুকুই কেটে খাই এবং এর পুরু খোসার অংশ ফেলে দেই। অর্থাৎ তরমুজের একটি বড় অংশ বাদ চলে যায়। কিন্তু সত্যিই কি এই খোসা ফেলে দিতে হয়? এতে কি কোনো উপকারিতা নেই? আপনিও যদি এতদিন তরমুজ খাওয়ার পর এর খোসা ফেলে দিয়ে থাকেন, তাহলে এর উপকারিতাগুলো জেনে নিন:

এনার্জির ঘাটতি পূরণ করে
বিশেষজ্ঞরা বলছেন, তরমুজের খোসায় রয়েছে সিট্রুলাইন নামক একটি উপাদান। এই উপাদান শরীরের এনার্জির ঘাটতি মেটাতে কাজ করে। এছাড়াও, এটি রক্তনালী প্রসারণে সাহায্য করে। গবেষণা অনুযায়ী, ওয়ার্ক আউটের সময় সিট্রুলাইনের পরিপূরক আমাদের পেশীতে অক্সিজেন পৌঁছে দেয়, যার ফলে শরীর দ্রুত শক্তি ফিরে পায়। একইসঙ্গে এটি রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতেও কার্যকর।

উচ্চ রক্তচাপ কমায়
যারা উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছেন, তারা নিয়মিত তরমুজের খোসা খাওয়ার অভ্যাস করতে পারেন। বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে, তরমুজের নির্যাস রক্তচাপ নিয়ন্ত্রণে কার্যকরী ভূমিকা পালন করে। তাই এই উপকারী অংশটি ফেলে না দিয়ে খাওয়ার অভ্যাস করলে উপকার মিলবে।

মেদ কমায়
বাড়তি মেদ নিয়ে যারা সমস্যায় পড়েছেন, তারা তরমুজের পাশাপাশি এর খোসাও খাওয়ার অভ্যাস করুন। কারণ এটি ফাইবার সমৃদ্ধ। কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা দূর করতে নিয়মিত এই তরমুজের খোসা খেতে পারেন। এটি কোলেস্টেরল এবং রক্তে শর্করার মাত্রা কমাতেও সাহায্য করে। ফাইবারের ঘাটতি মেটাতে তরমুজের খোসা খুবই কার্যকর। বিশেষজ্ঞরা বলেন, এই খোসায় ক্যালরির পরিমাণ কম থাকার কারণে এটি ওজন নিয়ন্ত্রণে বেশ ভালো ভূমিকা রাখে। তবে, বাইরের সবুজ অংশ খাবেন না, এতে পেটে সমস্যা হতে পারে। লাল অংশের পরের এবং সবুজ অংশের আগের সাদা অংশটুকু খাবেন।

তরমুজের খোসা কীভাবে খাবেন?
তরমুজের খোসাকে আপনার দৈনন্দিন খাদ্যাভ্যাসের অংশ করে তুলতে পারেন বিভিন্ন উপায়ে:

তরমুজের খোসা দিয়ে সালাদ বা জুস তৈরি করে খেতে পারেন।
এই খোসা দিয়ে আচার বা হালুয়াও তৈরি করা যায়।
ছোট ছোট টুকরো করে ডাল দিয়ে রান্না করে খেতে পারেন।
সাধারণ সবজির মতো রান্না করেও খাওয়া যায়।