যাকে ভালোবেসেছিলেন, সে কিছু সময়ের জন্য আপনার। যে আপনাকে মুগ্ধ করেছিল, সে এখন আর আপনাকে কাছে টানে না। ভুল মানুষের প্রেমে পড়ার এ এক কঠিন যন্ত্রণা। জীবনে অনেকেই ভুল মানুষের প্রেমে পড়েন। কিন্তু কীভাবে বুঝবেন আপনি ভুল মানুষের প্রেমে পড়েছেন? চলুন জেনে নেওয়া যাক সেই লক্ষণগুলো এবং এমন পরিস্থিতি থেকে বেরিয়ে আসার উপায়।
কীভাবে বুঝবেন আপনি ভুল মানুষের প্রেমে পড়েছেন?
১. মনকে প্রশ্ন করুন
প্রেমের সম্পর্কের ক্ষেত্রে বেশিরভাগ মানুষ আশা করেন, তাদের জীবনে এমন একজন আসবে যে সব সমস্যার সমাধান করে ফেলবে এবং জীবনকে রূপকথার গল্পের মতো সাজিয়ে তুলবে। এমন আশা থেকে অনেকে জীবনে ভুল মানুষকে স্থান দেন। যখন এই উচ্চাশা পূরণ হয় না বা প্রয়োজন ফুরিয়ে যায়, তখন ভুল মানুষের সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যায়। আপনি যদি বুঝতে পারেন, ভুল মানুষের হাত ধরেছেন, তাহলে নিজের মনকে প্রশ্ন করুন – এ পরিস্থিতিতে আপনার কী করা উচিত? সম্পর্কটি আপনার জন্য আসলেই কতটা উপকারী?
২. পর্যবেক্ষণ করুন
আপনার সঙ্গী অন্যদের সঙ্গে কেমন আচরণ করে এবং আপনার সঙ্গে তার আচরণ কেমন – তা ভালোভাবে খেয়াল করুন। সে মানুষের জীবনে আপনার গুরুত্ব কেমন, সেটি বোঝার চেষ্টা করুন। আপনাকে দেখলে তার মুখভঙ্গি কেমন হয়, কেমন ব্যবহার করে কিংবা কী বলে – সেটি ভালোভাবে দেখুন। তার সামনে আপনার শখ-আহ্লাদ সম্পর্কে কিছু বলুন। যদি সে আপনার শখের কথা শুনতে অনীহা দেখায় বা তাতে গুরুত্ব না দেয়, তাহলে বুঝে নেবেন, আপনি ভুল মানুষের হাত ধরেছেন।
৩. পরীক্ষা করুন
আপনি ভুল মানুষটি বেছে নিয়েছেন কি না, তা বোঝার জন্য সঙ্গীকে পরীক্ষা করতে পারেন। কঠিন সময়ে সে আপনার পাশে থাকে কি না, সেটি পরীক্ষা করে দেখতে পারেন। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে প্রায়ই দেখা যায়, কঠিন সময় বা বিপদের মুহূর্তে ভুল মানুষেরা কখনো থাকতে চায় না। মনে রাখবেন, সুসময়ের বন্ধুরা কখনোই আপনার জীবনের সঠিক মানুষ হবে না। তাই যারা কঠিন সময়ে আপনাকে ছেড়ে যায়, তারাই ভুল মানুষ।
ভুল মানুষের সঙ্গে প্রেম করলে কী করা উচিত?
যদি বুঝতে পারেন যে আপনি ভুল মানুষের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন, তাহলে নিজেকে রক্ষা করতে কিছু পদক্ষেপ নেওয়া জরুরি:
১. যোগাযোগ বন্ধ করুন: তার সঙ্গে কথা বলা বন্ধ করে দিন। ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও ফোনে যোগাযোগ বন্ধ করে দিন। যদি সে বিরক্ত করে, তাহলে সবখানে তাকে ব্লক করে রাখুন। নিজেকে তার প্রভাব থেকে মুক্ত করা জরুরি।
২. আত্মবিশ্বাসী হোন: নিজের গুরুত্ব ও মূল্য সম্পর্কে সচেতন থাকুন। জানুন যে আপনি এর থেকে ভালো কিছু পাওয়ার যোগ্য। আত্মবিশ্বাস আপনাকে এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে শক্তি জোগাবে।
৩. চারিত্রিকভাবে দৃঢ় হোন: কারণ সে কখনো কখনো আবেগ দেখিয়ে আপনাকে দুর্বল করার চেষ্টা করতে পারে। এমন পরিস্থিতিতে নিজের সিদ্ধান্তে অটল থাকুন এবং তার প্রভাবে প্রভাবিত হবেন না।





