চুল পড়া রোধে ম্যাজিকের মতো কাজ করবে এই ৫ ঘরোয়া হেয়ার প্যাক!

চুল নিয়ে বিড়ম্বনা পোহাতে হয় কমবেশি আমাদের সবাইকেই। চুল পড়া, খুশকি, চুল পেকে যাওয়া—আরও কত শত সমস্যা। তবে সবথেকে ভয়ানক সমস্যা হচ্ছে চুল উঠে যাওয়া! এর কারণে বয়সের আগেই আপনাকে বৃদ্ধ দেখায়, সেই সঙ্গে নষ্ট হয় আপনার সব সৌন্দর্য ও আত্মবিশ্বাস।

চুল ওঠা সমস্যার সমাধানে অনেকেই বাজার থেকে নামীদামী প্রসাধনী কিনে ব্যবহার করেন, যার ফলাফল হয় শূন্য। উল্টো এসব প্রসাধনী চুলের আরও ক্ষতি করে। তাই ভরসা রাখুন ঘরোয়া পদ্ধতির উপর, যা আপনার চুলের কোনো ক্ষতি ছাড়াই সমস্যার সমাধান দেবে।

ঘরোয়া এমন পাঁচটি হেয়ার প্যাক আছে যা চুল ওঠা রোধে ভীষণ কার্যকরী। এই প্যাকগুলোর যেকোনো দুটি এক মাস নিয়মিত ব্যবহার করুন, দেখবেন ফলাফল মিলবে আশ্চর্য করার মতোই!

১. অ্যালোভেরা হেয়ার প্যাক
৪ থেকে ৫ চামচ অ্যালোভেরা জেল-এর সঙ্গে দুই চামচ অলিভ অয়েল, এক চামচ মধু ও ক্যাস্টর অয়েল মিশিয়ে মাথায় মেখে ভালো করে ম্যাসাজ করুন। ৩০ মিনিট রেখে ঠাণ্ডা জলে ধুয়ে শ্যাম্পু করে নিন। এক মাস করলেই দেখবেন চুলের জেল্লা বেড়ে গেছে এবং চুল পড়াও কমে গেছে।

২. ডিম ও মধুর হেয়ার প্যাক
চুল পড়া কমাতে ও চুলকে সিল্কি, শাইনি করে তুলতে ডিমের প্রোটিন হেয়ার প্যাকের জুড়ি নেই। এই হেয়ার প্যাকটি বানানোর জন্য ২টি ডিম একটা পাত্রে ভেঙে ভালো করে ফেটিয়ে নিন। তারপর তাতে ১ চামচ মধু নিয়ে ভালো করে মেশান। চুলে, স্কাল্পে ভালো করে মাখিয়ে এক ঘণ্টা রেখে ধুয়ে ফেলুন ও তারপর শ্যাম্পু করুন। এক মাসে আপনার চুল পড়া ভ্যানিশ হয়ে যাবে!

৩. মেথি ও আমলকির হেয়ার প্যাক
মেথি হালকা ভেজে মিক্সিতে গুঁড়া করে নিন। এরপর এক কাপ মেথি গুঁড়া ও এক কাপ আমলকি গুঁড়া হালকা গরম জলে পেস্ট বানিয়ে সারারাত ভিজিয়ে রাখুন। পরদিন সকালে গোসলের আধা ঘণ্টা আগে মাথায় ভালো করে মাখিয়ে রেখে দিন। আধা ঘণ্টা পর ধুয়ে শ্যাম্পু করে নিন। মেথি চুল পড়া কমিয়ে নতুন চুল গজাতে সাহায্য করে, তাছাড়া আমলকিও চুলের জন্য খুবই উপকারী। সপ্তাহে একদিন এই হেয়ার প্যাকটি ব্যবহার করুন।

৪. নারকেলের দুধ ও কলার হেয়ার প্যাক
এক মাসে চুল পড়া সমস্যার যদি স্থায়ী সমাধান চান, তাহলে এই হেয়ার প্যাকটি আপনাকে ট্রাই করতেই হবে। একটা আস্ত কলা নিয়ে তার সঙ্গে আধা কাপ নারকেলের দুধ নিয়ে ভালো করে মিক্সিতে পেস্ট করুন। মিশ্রণে যাতে কোনো লাম্প না থাকে, সেদিকে খেয়াল রাখবেন। এরপর মিশ্রণটি মাথার চুলে ভালো করে মাখিয়ে এক থেকে দেড় ঘণ্টা রেখে ঠাণ্ডা জল দিয়ে ধুয়ে শ্যাম্পু করে নিন। কলায় থাকা ফসফরাস আর নারকেলের দুধে থাকা প্রোটিন আপনার চুলকে ভেতর থেকে পুষ্টি জোগাবে, ফলে চুল শক্ত, মজবুত হবে ও চুল পড়া কমে যাবে।

৫. জবা ফুলের হেয়ার প্যাক
জবা ফুলে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিড্যান্ট থাকে, যা চুল পড়া কমিয়ে চুলের বৃদ্ধিতে সাহায্য করে ও পাকা চুলের প্রবণতাও কমায়। তাছাড়া টাটকা জবা ফুলের পাপড়ি কিন্তু প্রাকৃতিক হেয়ার কন্ডিশনারের কাজ করে। জবাফুলের পাপড়ি পেস্ট করে তাতে নারকেল তেল বা বাদাম তেল দিয়ে মিশিয়ে প্যাক বানিয়ে মাথায় মাখুন। ঘণ্টাখানেক পরে ধুয়ে ফেলে শ্যাম্পু করে নিন। এক মাস ধরে সপ্তাহে এক থেকে দু’দিন করে এটি ব্যবহার করুন। এতে চুল পড়াও বন্ধ হবে, সঙ্গে চুলও গজাবে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy