সাধারণ রুটিকে সুস্বাদু ও পুষ্টিকর করার সহজ উপায়

ভাত আমাদের প্রধান খাদ্য হলেও, রুটি খাওয়ার চলও এখন অনেক বাড়িতেই দেখা যায়। বিশেষ করে সকালে নাস্তায় বা রাতের খাবারে ভাতের বদলে রুটি রাখেন অনেকে। রুটির গ্লাইসেমিক ইনডেক্স কম থাকায় এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। এছাড়াও, আটায় থাকা প্রয়োজনীয় ভিটামিন এবং খনিজ শরীরের জন্য উপকারী। আপনার প্রতিদিনের রুটিকে আরও সুস্বাদু ও পুষ্টিকর করে তুলতে চাইলে কিছু সহজ উপকরণ মিশিয়ে নিতে পারেন। জেনে নিন এমনই কিছু কার্যকরী উপায়:

১. পালংশাক
শীতকালে পালংশাক হাতের কাছেই পাওয়া যায়। এই পুষ্টিকর সবুজ শাক আপনার রুটির খামিরের সঙ্গে মিশিয়ে নিতে পারেন। এর জন্য পালংশাক ব্লেন্ডারে পেস্ট করে তা আটার সঙ্গে মেখে নিন। এক্ষেত্রে আলাদা করে জল মেশানোর প্রয়োজন হবে না। পালংশাকে রয়েছে মিনারেল, ভিটামিন, এবং ফাইটো নিউট্রিয়েন্টস-এর মতো জরুরি পুষ্টি উপাদান, যা রুটিকে আরও বেশি পুষ্টিকর করে তোলে।

২. ঘি
গরম ভাতে ঘি মিশিয়ে খাওয়া অনেকেরই পছন্দ। তবে রুটি তৈরির সময় ঘি মিশিয়ে নিলে বা রুটি বানানোর পর এর উপর ঘি মাখিয়ে খেলেও অনেক উপকার পাওয়া যায়। এতে রুটি দীর্ঘক্ষণ নরম থাকে। এছাড়াও, ঘিয়ে থাকা বিভিন্ন খনিজ উপাদান এবং স্যাচুরেটেড ফ্যাট মস্তিষ্কের জন্য উপকারী। রুটিতে ঘি মাখিয়ে খেলে তা গ্লুটেন ও ফাইবার হজম করা সহজ করে। ঘি ফ্যাটি অ্যাসিড এবং ভিটামিন এ, ডি, ই, ও কে-এর চমৎকার উৎস।

৩. ড্রাইফ্রুটস পাউডার
ড্রাইফ্রুটস আমাদের শরীরের জন্য খুবই উপকারী। রুটির সঙ্গে বাড়তি পুষ্টি যোগ করতে চাইলে এর পাউডার মিশিয়ে নিতে পারেন। রুটি তৈরির সময় আটার সঙ্গে ১ থেকে ২ টেবিল চামচ (২-৩টি রুটির জন্য) ড্রাইফ্রুটস পাউডার মিশিয়ে নিন। সকালের নাস্তায় এভাবে তৈরি করা রুটি খেলে তা সারাদিন আপনাকে সতেজ ও শক্তিশালী রাখতে সাহায্য করবে। তবে প্রতিদিন একইরকম ভাবে না করে, একেকদিন একেকরকমভাবে তৈরি করে খেলে স্বাদ ও পুষ্টি দুটোই মিলবে।

৪. মসলা
রুটির সাধারণ স্বাদে পরিবর্তন আনতে চাইলে এর সঙ্গে বিভিন্ন ধরনের মসলা মিশিয়ে নিতে পারেন। এতে শুধু স্বাদই বাড়বে না, যোগ হবে বাড়তি পুষ্টিও। রুটি তৈরির আটার সঙ্গে আমচুর পাউডার, ভাজা মসলা, লবণ, গোলমরিচ গুঁড়ো ইত্যাদি পরিমাণমতো মিশিয়ে নিতে পারেন। এভাবে তৈরি করলে সবাই তা খেতে বেশ পছন্দ করবে।