বর্ষায় শিশুদের সুস্থ রাখতে করণীয়: অভিভাবকদের জন্য জরুরি পরামর্শ!

তীব্র গরমের পর অবশেষে স্বস্তি নিয়ে এসেছে বর্ষা। কিন্তু ঋতু পরিবর্তনের এই সময়টা বড়দের পাশাপাশি ছোটদের স্বাস্থ্যের জন্যেও বেশ চ্যালেঞ্জিং হতে পারে। এই সময়ে ঠান্ডা, জ্বর, কাশির মতো সমস্যাগুলি বেড়ে যায়। বিশেষ করে বর্ষার আর্দ্র আবহাওয়া এবং মশার উপদ্রব শিশুদের জন্য সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। ডেঙ্গু, চিকুনগুনিয়াসহ ফ্লু বা ভাইরাসজনিত রোগ, মাংসপেশী ও জয়েন্টে ব্যথা, কলেরা ও ডায়রিয়ার মতো রোগগুলো এই সময়ে ব্যাপক আকার ধারণ করে।
বেশিরভাগ শিশুই বর্ষায় ঠান্ডায় ভোগে। তাই ঘরোয়া উপায়ে এই সময়ে শিশুর স্বাস্থ্য সুরক্ষায় প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া অত্যন্ত জরুরি। চলুন জেনে নেওয়া যাক বর্ষায় শিশুর সুরক্ষায় কী কী করণীয়:
বর্ষায় শিশুর সুরক্ষায় করণীয়:
ভিটামিন ও মিনারেল যুক্ত খাবার: বর্ষায় শিশুদের বিভিন্ন সংক্রমণ থেকে রক্ষা করতে প্রতিদিনের খাদ্যতালিকায় ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ খাবার রাখা জরুরি। বিভিন্ন ফলমূল ও শাকসবজি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। নিশ্চিত করুন শিশুর দৈনন্দিন খাদ্যতালিকায় পরিমিত পরিমাণে ভিটামিন এ, বি ও সি থাকে।
বাইরের খাবার নয়: এই সময়ে শিশুকে বাইরের খাবার খাওয়ানো থেকে বিরত থাকুন। কলেরা ও টাইফয়েডের জীবাণু খোলা খাবারে থাকতে পারে। তাই শিশুকে সবসময় টাটকা ও গরম খাবার খাওয়ান।
ফোটানো জল পান করান: শিশুকে জল ফুটিয়ে ঠান্ডা করে পান করাতে হবে। ছোট শিশুর দুধ বানানোর সময় অবশ্যই ফোটানো জল ব্যবহার করুন। জলবাহিত রোগ থেকে বাঁচতে শিশুকে বিশুদ্ধ জল পান করানো খুবই গুরুত্বপূর্ণ।
ঘর শুকনো ও পরিষ্কার রাখুন: ঘরের ভেতরের পরিবেশ শুকনো ও পরিষ্কার রাখা সবসময় জরুরি। শিশুর ঘর যেন স্যাঁতসেঁতে না থাকে। ঘরে যাতে নিয়মিত আলো বাতাস প্রবেশ করে, সেদিকে খেয়াল রাখুন। ঘরের চারপাশও পরিচ্ছন্ন রাখতে হবে, যেন সেখানে মশার বংশবিস্তার না হয়। বৃষ্টির সময় শিশুকে বাইরে বের হতে না দেওয়াই ভালো।
নিয়মিত গোসল করান: বর্ষায় তাপমাত্রা ঠান্ডা থাকায় অনেক সময় শিশুদের গোসলে অনীহা দেখা যায়। তবে নিয়মিত গোসল খুবই গুরুত্বপূর্ণ। দিনের সবচেয়ে উষ্ণ সময়ে বাচ্চাদের গোসল করান। গোসলের জন্য হালকা গরম জল ব্যবহার করুন এবং জলে কয়েক ফোঁটা ডেটল বা অ্যান্টিসেপটিক লিকুইড মিশিয়ে দিতে পারেন।
শিশুর পা শুকনো রাখুন: শিশুদের পা সবসময় শুকনো রাখতে হবে। বর্ষায় ঘরের ভেতর সবার স্লিপার ব্যবহার করা উচিত। মশা থেকে অতিরিক্ত সুরক্ষার জন্য শিশুর পুরো শরীর যাতে ঢেকে থাকে এমন পোশাক পরান।
সুতির পোশাক ব্যবহার করুন: এই সময়ে শিশুকে সুতির পোশাক পরানো উচিত। ঘুমানোর সময় শিশুকে মশারির মধ্যে রাখুন। মশা নিরোধক স্প্রে বা ভালো মানের কয়েল ব্যবহার করতে পারেন।
ঠান্ডা লাগলে ডাক্তারের পরামর্শ নিন: প্রতিরোধ ব্যবস্থা নিলেই সব সমস্যা শেষ হয় না। শিশুর ফ্লু সংক্রমণের সন্দেহ হলে অবিলম্বে ডাক্তারের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি।