হেডফোন: সুবিধা না বিপদ? জেনে নিন সুরক্ষিত ব্যবহারের উপায়

আজকাল হেডফোন ছাড়া একটি দিনও কল্পনা করা কঠিন। অবসর সময়ে গান শোনা থেকে শুরু করে কাজের ফাঁকে কথা বলা—সবকিছুতেই হেডফোন আমাদের নিত্যসঙ্গী। অনেকেই এর মাধ্যমে নিজেকে চাঙ্গা রাখেন, কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘক্ষণ হেডফোন ব্যবহারে কিছু গুরুতর শারীরিক সমস্যা হতে পারে। চলুন জেনে নেওয়া যাক হেডফোন ব্যবহারের আগে কিছু জরুরি সতর্কতা।
হেডফোন ব্যবহারে পাঁচ বিপদ
১. শ্রবণশক্তির ক্ষতি: ৯০ ডেসিবেল বা তার বেশি মাত্রার আওয়াজ সরাসরি কানে গেলে শ্রবণে স্থায়ী সমস্যা দেখা দিতে পারে। উচ্চ শব্দে দীর্ঘক্ষণ গান শুনলে তা কানের জন্য মারাত্মক ক্ষতিকারক হতে পারে।
২. সংক্রমণের ঝুঁকি: কারো সাথে হেডফোন ভাগাভাগি করে ব্যবহার করবেন না। এতে কানের ভেতরে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়াল বা ফাঙ্গাল সংক্রমণ হওয়ার আশঙ্কা থাকে।
৩. বায়ু চলাচল ব্যাহত: বেশিরভাগ হেডফোনই এয়ার-টাইট ধরনের হয়। এর ফলে কানে বাতাস প্রবেশ করতে পারে না। এটি কানের ভেতরের স্বাস্থ্যকর পরিবেশকে ব্যাহত করে এবং সংক্রমণের ঝুঁকি বাড়িয়ে তোলে।
৪. সাময়িক বধিরতা: এক গবেষণায় দেখা গেছে, হেডফোনে দীর্ঘ সময় উচ্চ শব্দে গান শুনলে তা খোলার পরও কিছুক্ষণ ভালোভাবে কানে শোনা যায় না। এটি কানের ওপরের অতিরিক্ত চাপের একটি লক্ষণ।
৫. চিরতরে শ্রবণশক্তি হারানো: উচ্চ শব্দে দীর্ঘক্ষণ গান শোনা চিরতরে শ্রবণশক্তি হারানোর কারণ হতে পারে। একবার শ্রবণশক্তি হারালে তা ফিরে পাওয়া প্রায় অসম্ভব।
হেডফোন ব্যবহারে করণীয়
হেডফোনে গান শুনুন কিছু নিয়ম মেনে। এতে আপনার জীবন ও কান দুটিই বাঁচবে। দীর্ঘ সময় হেডফোন ব্যবহার করতে হলে মাঝে মাঝে বিশ্রাম নিন। কিছু কৌশল আপনাকে শারীরিক ক্ষতি থেকে রক্ষা করতে পারে:
১. সঠিক হেডফোন নির্বাচন: যে সংস্থার মোবাইল ব্যবহার করছেন, চেষ্টা করুন সেই সংস্থার, সেই মডেলের হেডফোনই ব্যবহার করতে। এটি সামঞ্জস্যপূর্ণ সাউন্ড আউটপুট নিশ্চিত করে।
২. পরিবেশ সচেতনতা: হেডফোনে গান শোনার সময় খেয়াল রাখুন যে বাইরের চিৎকার, যানবাহনের আওয়াজ ইত্যাদি কানে পৌঁছচ্ছে কি না। যদি তা না পৌঁছয়, তাহলে আওয়াজ আরও কমান। সম্পূর্ণভাবে বাইরের জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া বিপদজনক হতে পারে।
৩. নিরাপদ স্থানে ব্যবহার: হাঁটার সময় বা রাস্তা-লাইন পারাপারের সময় হেডফোন ব্যবহার করা থেকে বিরত থাকুন। এতে দুর্ঘটনার ঝুঁকি বহুগুণ বেড়ে যায়।
৪. বিরতি নিন: একটানা আধ ঘণ্টার বেশি হেডফোন ব্যবহার করবেন না। মোবাইলে কোনো সিনেমা দেখতে হলেও প্রতি আধা ঘণ্টা পর অন্তত ১০-১৫ মিনিটের বিরতি নিন।