চুইংগাম গিলে ফেললে কি সত্যিই বিপদ? জেনে নিন আসল তথ্য

আমাদের অনেকেরই অভ্যাস আছে মুখে চুইংগাম রাখার। কেউ মুখের দুর্গন্ধ দূর করতে, কেউ মুখের মেদ কমাতে, আবার কেউ নিছকই মুড ঠিক রাখতে চুইংগাম চিবান। কিন্তু হঠাৎ করে চুইংগাম গিলে ফেললে কী হয়? অনেকেই এই প্রশ্নটি নিয়ে উদ্বিগ্ন থাকেন এবং মনে করেন চুইংগাম পেটে গেলে তা দীর্ঘকাল আটকে থাকে। তবে, এই ধারণা কতটা সঠিক?

চুইংগাম গিলে ফেললে কি হয়?
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ল্যাঙ্গোন মেডিকেল সেন্টারের গবেষণা এবং স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাইয়ের প্রতিবেদন অনুযায়ী, ভুল করে চুইংগাম গিলে ফেললে আতঙ্কিত হওয়ার কিছু নেই। অন্যান্য খাবারের মতোই এটিও হজম হয়, তবে হজম হতে একটু বেশি সময় লাগতে পারে।

আমাদের পাচনতন্ত্রে অ্যাসিড ও এনজাইম রয়েছে, যা চুইংগাম হজম করতে সাহায্য করে। চুইংগামের ভিত্তি (gum base) সাধারণত কৃত্রিম পলিমার দিয়ে তৈরি হয়, যা হজম করা কঠিন। তবে শরীরের পাচনতন্ত্রের অ্যাসিড এবং এনজাইমগুলো এটিকে ভেঙে দিতে সক্ষম।

হজম হতে কতক্ষণ লাগে?
সাধারণ খাবার সাধারণত কয়েক ঘণ্টার মধ্যেই হজম হয়ে যায়। কিন্তু চুইংগাম গিলে ফেললে তা সহজে কয়েক ঘণ্টার মধ্যে হজম হয় না। সাধারণত দুই থেকে তিন দিন সময় লাগে এটি হজম হতে। তবে সবার পাচনতন্ত্র একরকম না হওয়ায় কারো কারো ক্ষেত্রে এটি হজম হতে আরও বেশি দিন লাগতে পারে। সর্বোচ্চ এক সপ্তাহ পর্যন্ত চুইংগাম পেটে থাকতে পারে। এরপর তা হজম হয়ে শরীর থেকে বেরিয়ে যায়।

সুতরাং, চুইংগাম ভুলবশত গিলে ফেললে দুশ্চিন্তার কোনো কারণ নেই। তবে, যদি আপনার মনে কোনো রকম সংশয় থাকে বা অস্বাভাবিক কোনো উপসর্গ দেখা যায়, তাহলে চিকিৎসকের পরামর্শ নিতে পারেন