পেটের সমস্যায় ভোগছেন? জেনে নিন এর কারণ ও মুক্তির উপায়!

আমাদের দেশের সিংহভাগ মানুষই কোনো না কোনো পেটের সমস্যায় ভোগেন। বিশেষ করে কিছু খেলেই পেট ফুলে যাওয়া, গ্যাস বা কোষ্ঠকাঠিন্যের সমস্যা খুবই সাধারণ। এমনকি সাধারণ ডাল-ভাত খেয়েও অনেককে গ্যাসের ওষুধ খেতে হয়। কিন্তু এই সমস্যাগুলোর মূল কারণ অনেকেই জানেন না। ভুল খাদ্যাভ্যাসই এই সমস্যার প্রধান কারণ হতে পারে, যা থেকে কোষ্ঠকাঠিন্য ও পেট ফেঁপে যাওয়ার মতো অস্বস্তি দেখা দেয়।

গ্যাস বা কোষ্ঠকাঠিন্যের সমস্যা দৈনন্দিন জীবনকে দুর্বিষহ করে তুলতে পারে। এর ফলে খাবারের প্রতি অনীহা তৈরি হয়, এবং খেলেও তা ঠিকভাবে হজম হতে চায় না। আপনিও যদি এমন সমস্যায় ভুগে থাকেন, তবে দ্রুত সতর্ক হওয়া প্রয়োজন। এই ধরনের সমস্যা ফেলে রাখা একেবারেই উচিত নয়।

পেট ফাঁপা ও গ্যাসের মূল কারণ এবং সমাধান:
চিকিৎসকরা বলছেন, যদি আপনার গ্যাস, কোষ্ঠকাঠিন্য বা পেট ফাঁপার মতো সমস্যা থাকে, তবে কিছু খাদ্যাভ্যাসে পরিবর্তন আনা জরুরি:

কার্বোহাইড্রেট ও শস্য নির্বাচন: আপনার যদি গ্যাসের সমস্যা থাকে, তবে কম কার্বোহাইড্রেট গ্রহণ করা ভালো। এর পাশাপাশি সঠিক শস্য বেছে নিতে হবে। কিছু শস্য পেটের জন্য উপকারী হলেও, গম অনেক ক্ষেত্রে পেটের সমস্যা বাড়াতে পারে। গমের তৈরি খাবার (যেমন রুটি, পাউরুটি) খাওয়ার কারণে অনেকের পেট ফুলে যেতে পারে। এক্ষেত্রে চাল অপেক্ষাকৃত বেশি উপকারী।

ফ্যাট জাতীয় খাবার পরিহার: আজকাল অনেকেই ফ্যাট জাতীয় খাবার বেশি খাচ্ছেন। মাঝে মাঝে এ ধরনের খাবার খাওয়া চললেও, নিয়মিত বেশি তেল বা ঘি দিয়ে রান্না করা খাবার খাওয়া শরীরের জন্য ক্ষতিকর। কারণ এসব খাবার শরীর সহজে হজম করতে পারে না, যার ফলে গ্যাস ও পেট ফাঁপার সমস্যা দেখা দেয়। এই অভ্যাস যত দ্রুত সম্ভব ত্যাগ করা উচিত।

হরমোন ও মানসিক চাপ: পেট ফাঁপা বা ফোলার পেছনে হরমোনের ভারসাম্যহীনতা এবং মানসিক চাপও একটি বড় কারণ হতে পারে। বিশেষজ্ঞরা তাই মানসিক চাপমুক্ত থাকার পরামর্শ দেন। যোগা, ধ্যান বা যেকোনো পছন্দের কাজ করে মানসিক চাপ কমানোর চেষ্টা করুন।

ফল ও সবজির সঠিক ব্যবহার: আমরা সাধারণত ফল ও সবজিকে পুষ্টিকর এবং হজমের জন্য উপকারী বলে জানি। তবে কিছু ক্ষেত্রে এ ধরনের খাবারও পেট ফাঁপা ও অস্বস্তি সৃষ্টি করতে পারে। বিশেষ করে, উচ্চ ফাইবার সমৃদ্ধ খাবার একসঙ্গে অনেক বেশি খেয়ে ফেললে তা পেট ফুলে যাওয়ার কারণ হতে পারে। তাই ফাইবার সমৃদ্ধ খাবার অল্প অল্প করে খাওয়া ভালো।

নির্দিষ্ট সময়ে খাবার গ্রহণ: অনেকে সময় মেনে খাবার খান না, একেকদিন একেক সময়ে খান। এই অনিয়মিত খাদ্যাভ্যাসও পেট ফাঁপার কারণ হতে পারে। খাবার খাওয়ার জন্য একটি নির্দিষ্ট সময় রাখুন এবং সেই সময় মেনে চলুন। এতে আপনার হজম প্রক্রিয়া সহজ হবে এবং গ্যাসের সমস্যা কমবে।