ওয়াশিং মেশিন: শুধু জামাকাপড় নয়, পরিষ্কার করুন এই ৫টি জিনিসও!

ওয়াশিং মেশিন সাধারণত জামাকাপড় ধোয়ার জন্যই ব্যবহৃত হয়। তবে জামাকাপড় ছাড়াও এমন অনেক জিনিস রয়েছে যেগুলো খুব সহজেই কিন্তু ওয়াশিং মেশিনের সাহায্যে পরিষ্কার করতে পারবেন। এতে আপনার সময় বাঁচবে এবং পরিষ্কার-পরিচ্ছন্নতাও বজায় থাকবে।
তাহলে চলুন জেনে নেওয়া যাক জামাকাপড়, বেডশিট ছাড়া আর কোন কোন জিনিস ওয়াশিং মেশিনে পরিষ্কার করা যায়:
১. বাজারের ব্যাগ:
প্লাস্টিকের ব্যাগ নিষিদ্ধ হওয়ার পর থেকে কাপড়ের ব্যাগের ব্যবহার সর্বত্র বেড়েছে। ফল এবং শাকসবজির কারণে এই ব্যাগগুলো দ্রুত নোংরা হয়ে যায় এবং আমরা খুব কমই এর দিকে নজর দিই। আপনি এই ব্যাগ মেশিনে দিয়ে সহজেই পরিষ্কার করতে পারেন। নিয়মিত পরিষ্কারে এই ব্যাগগুলো জীবাণুমুক্ত থাকবে।
২. যোগা ম্যাট:
যোগা ম্যাট নিয়মিত ব্যবহারের কারণে ঘাম এবং ধুলো জমে নোংরা হয়। এটি আপনি সহজেই ওয়াশিং মেশিনে দিয়ে ধুতে পারেন। এর সঙ্গে আপনি ধোয়ার জন্য তোয়ালেও দিতে পারেন। তবে এগুলো পরিষ্কারের সময় মেশিন হালকাভাবে চালাতে হবে। আর গরম জল ব্যবহার করবেন না, তাহলে ম্যাটের গুণগত মান খারাপ হয়ে যেতে পারে।
৩. মাউস প্যাড:
কম্পিউটার ব্যবহারকারীরা জানেন, মাউস প্যাড কয়েকদিন পর পরই ময়লা হয়ে যায়। তবে এটি পরিষ্কারের দিকে খুব বেশি নজর দেওয়া হয় না। এতে করে আপনার কম্পিউটার টেবিলের সৌন্দর্যই নষ্ট হয়ে যায়। এটিও ওয়াশিং মেশিনে দিয়ে পরিষ্কার করতে পারেন। এর জন্য আপনি হালকা গরম জল ব্যবহার করতে পারেন।
৪. স্নিকার্স:
আপনার পছন্দের স্নিকার্সগুলো হাতে ধোয়ার ঝক্কি এড়াতে চান? আপনি আপনার স্নিকার্স ওয়াশিং মেশিনে দিয়ে ধুতে পারেন এবং এর জন্য ঠান্ডা জল ব্যবহার করতে হবে। জুতার ফিতা খুলে আলাদা করে ধুলে আরও ভালো পরিষ্কার হবে।
৫. বাথরুমের পর্দা:
স্নানের সময় প্রতিবারই এটি ভিজে যায় এবং ধীরে ধীরে সাবানের দাগ বা ছত্রাক জমে নোংরা হয়। এটি মেশিনে দিয়ে পরিষ্কার করলে আলাদা করে ধোয়ার ঝামেলা আপনাকে পোহাতে হবে না। তবে এটি মেশিনে দিয়ে ঠান্ডা জল দিয়ে ধোবেন।
এই টিপসগুলো অনুসরণ করে আপনার ওয়াশিং মেশিনকে আরও বহুমুখী কাজে লাগাতে পারেন এবং আপনার দৈনন্দিন জীবনকে আরও সহজ করে তুলতে পারেন।