খাবার পর রক্তে শর্করার বৃদ্ধি? এই ৪ কৌশলেই নিয়ন্ত্রণ সম্ভব!

আজকাল অনেকেই খাবার পর রক্তে শর্করার মাত্রা বেড়ে যাওয়ার সমস্যায় ভোগেন, বিশেষ করে ডায়াবেটিস রোগীদের জন্য এটি একটি বড় চ্যালেঞ্জ। তবে কিছু সহজ উপায়ে এই পরিস্থিতি সহজেই প্রতিরোধ করা যায়। ভারতের প্রখ্যাত পুষ্টিবিদ নামামী আগারওয়াল খাবার পর রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন।

পুষ্টিবিদ নামামী আগারওয়ালের ৪টি জরুরি টিপস:
১. সঠিক খাবার নির্বাচন: আপনার দিনের শুরু থেকেই সঠিক খাবার খাচ্ছেন কিনা, তা যাচাই করা অত্যন্ত জরুরি। মিষ্টি, সাদা রুটি এবং অন্যান্য প্রক্রিয়াজাত খাবার যা খাওয়ার পর রক্তে শর্করার মাত্রা দ্রুত বাড়িয়ে দেয়, সেগুলো খাওয়া কমাতে হবে। বরং, পরিকল্পনা অনুযায়ী পুষ্টিকর খাবার বাছাই করতে হবে। এটি আপনাকে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করবে।

২. পরিমিত খাওয়া: পুষ্টিবিদ নামামী আগারওয়াল পরিমিত খাওয়ার পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, “একবারে বেশি খাবার না খেয়ে অল্প অল্প করে বারবার খেলে রক্তে শর্করার আকস্মিক উঠানামা প্রতিরোধ করা যায়।” গবেষণায় দেখা গেছে, তিন বেলা ভারী খাবার খাওয়ার চেয়ে অল্প করে বেশিবার খেলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে।

৩. গ্লাইসেমিক ইনডেক্স যাচাই: ডায়াবেটিস ডায়েটের ক্ষেত্রে খাবারের গ্লাইসেমিক ইনডেক্স (GI) যাচাই করে দেখা জরুরি। জিআই হলো একটি মাপকাঠি যা আপনার রক্তে শর্করার মাত্রায় একটি নির্দিষ্ট খাবারের প্রভাব নির্দেশ করে। কম জিআই যুক্ত খাবার রক্তে শর্করার মাত্রা ধীরে ধীরে বাড়ায়, যা ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী।

৪. কার্বোহাইড্রেট গ্রহণের দিকে নজর দিন: রক্তে শর্করার মাত্রার ওপর বড় ধরনের প্রভাব ফেলে কার্বোহাইড্রেট। ডায়াবেটিস রোগীদের কম কার্বোহাইড্রেট গ্রহণের পরামর্শ দেওয়া হয়। পুষ্টিবিদরা পরিমিত স্বাস্থ্যকর কার্বোহাইড্রেট গ্রহণের পরামর্শ দেন। উচ্চমাত্রায় প্রক্রিয়াজাত কার্বোহাইড্রেট সম্পূর্ণভাবে পরিহার করতে হবে। প্রতিবেলা কতটুকু কার্বোহাইড্রেট গ্রহণ করছেন, তার হিসাব রাখা প্রয়োজন।

পুষ্টিবিদ আগারওয়াল জোর দিয়ে বলেছেন, নিয়মিত স্বাস্থ্যকর ডায়েট এবং ব্যায়াম করার মাধ্যমেই রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ রাখা সম্ভব। এই সহজ কিন্তু কার্যকর অভ্যাসগুলো মেনে চললে আপনি খাবার পর রক্তে শর্করার বৃদ্ধিজনিত সমস্যা অনেকটাই এড়াতে পারবেন এবং একটি সুস্থ জীবনযাপন করতে পারবেন।