স্বাদে ভিন্নতা: এবার বাড়িতেই তৈরি করুন সুস্বাদু মুরগির ঘি রোস্ট!

পোলাওয়ের সঙ্গে মুরগির রোস্ট ছাড়া যেন চলেই না! বাড়িতে অতিথি এলে কিংবা ঘরোয়া আয়োজনে এই পদ তৈরি না করলেই নয়। বিশেষ করে মুরগির রোস্ট সব উৎসবেই একটি প্রিয় পদ। তবে এবার স্বাদে ভিন্নতা আনতে তৈরি করতে পারেন মুরগির ঘি রোস্ট। এর সুঘ্রাণ আর অতুলনীয় স্বাদ মুগ্ধ করবে সবাইকে। জেনে নিন রেসিপি:

উপকরণ:
মুরগির মাংস: ১ কেজি
টকদই: আধা কাপ
হলুদ গুঁড়া: আধা চা চামচ
লেবুর রস: ১ টেবিল চামচ
লবণ: স্বাদমতো
গুড়: ২ টেবিল চামচ
কারি পাতা: ১ আঁটি
ঘি: ৬ টেবিল চামচ
শুকনো মরিচ: ৩টি
আস্ত গোলমরিচ: ৭-৮টি
লবঙ্গ: ৩টি
মৌরি: ১ চা চামচ
আস্ত ধনে: দেড় টেবিল চামচ
আস্ত জিরা: আধা চা চামচ
রসুন বাটা: ৭-৮ কোয়া
তেঁতুল বাটা: দেড় টেবিল চামচ
প্রণালি:
১. একটি পাত্রে মুরগির মাংসের সঙ্গে টকদই, হলুদ গুঁড়া, লেবুর রস ও আধা চা চামচ লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এবার এটিকে ২-৩ ঘণ্টা ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিন।
২. এরপর শুকনো মরিচ, মৌরি, জিরা, ধনে, লবঙ্গ ও আস্ত গোলমরিচ হালকা আঁচে ভেজে নামিয়ে ঠান্ডা করে নিন। ঠান্ডা হয়ে গেলে সব ভাজা মসলা একসঙ্গে গুঁড়া করে নিন।
৩. একটি প্যানে ঘি গরম করে ম্যারিনেট করা মাংস ১০ মিনিট ধরে সোনালি করে ভেজে তুলে নিন।
৪. এবার কড়াইয়ে আবার কিছুটা ঘি গরম করে রসুন বাটা ফোড়ন দিন। এরপর তেঁতুলের ক্বাথে গুঁড়া করে রাখা ভাজা মসলা মিশিয়ে কড়াইয়ে ঢেলে দিন। মসলা ভালো করে কষিয়ে নিন।
৫. মসলা কষানো হলে ভেজে রাখা মাংস মিশিয়ে দিন। তারপর লবণ আর গুড় যোগ করুন। যতক্ষণ না মাংস পুরোপুরি সেদ্ধ হয়ে আসছে, ততক্ষণ রান্না করুন। প্রয়োজনে সামান্য জল যোগ করতে পারেন।
৬. মাংস সেদ্ধ হয়ে এলে একটি ছোট পাত্রে ঘিয়ে কারি পাতা ফোড়ন দিয়ে মাংসের ওপর ঢেলে দিন। এতে রোস্টে একটি চমৎকার সুঘ্রাণ যোগ হবে।

তৈরি হয়ে গেল আপনার মজাদার মুরগির ঘি রোস্ট! নান, রুটি কিংবা পরোটার সঙ্গে দারুণ মানিয়ে যাবে এই পদ। এবার যেকোনো আয়োজনেই আপনার এই বিশেষ পদটি হয়ে উঠবে আলোচনার কেন্দ্রবিন্দু।