ফেলে দেবেন না! সিলিকা জেলের এই ৬টি অসাধারণ ব্যবহার আপনার দৈনন্দিন জীবন সহজ করবে

নতুন কোনো জিনিস কিনলেই তার প্যাকেটের ভেতরে ছোট সাদা প্যাকেট দেখতে পাওয়া যায়, যার মধ্যে থাকে ছোট ছোট গোল দানাদার বস্তু – এটি হলো সিলিকা জেল। প্যাকেটের গায়ে সতর্কতামূলক বাণী লেখাই থাকে যে, এটি খাওয়া যাবে না।

মূলত এই বস্তুটি বাতাস থেকে আর্দ্রতাকে শোষণ করে আশেপাশের জিনিসকে শুষ্ক ও নতুনের মতো রাখতে সাহায্য করে, তাই যেকোনো নতুন জিনিস কেনার সময় প্যাকেটের ভেতর সিলিকা জেল পাওয়া যায়। রাসায়নিক এই বস্তুটি অবশ্যই খাওয়া যাবে না। তবে ফেলে না দিয়ে এই প্যাকেটগুলো সংরক্ষণ করলে বেশ কিছু প্রয়োজনীয় কাজে চমৎকারভাবে ব্যবহার করা যাবে। এমন ছয়টি ব্যবহার সম্পর্কে জেনে নিন:

১. গয়না চকচকে রাখবে:
জুয়েলারি বক্সে অনেক যত্নে পছন্দের গয়না রাখার পরেও প্রায়শই কালচে হয়ে যায়। এই সমস্যাটি যেন আর না হয়, সেজন্য জুয়েলারি বক্সে গয়নার মাঝে সিলিকা জেলের ছোট প্যাকেট রেখে দিন। এতে করে সিলিকা জেল বাতাসের বাড়তি আর্দ্রতাকে শোষণ করে নেবে এবং গয়না নতুনের মতোই চকচকে থাকবে।

২. স্নিকার্স ফ্রেশ করবে:
নিয়মিত যে স্নিকার্স পরা হয়, তাতে স্বাভাবিকভাবেই ভেজাভাব ও বাজে গন্ধ দেখা দেয়। এই সমস্যা থেকে দূরে থাকতে চাইলে সাপ্তাহিক ছুটির দিনে স্নিকার্স রোদে রেখে তার ভেতরে ৩-৪টি ছোট সিলিকা জেলের ব্যাগ ছেড়ে দিন। এভাবে ২৪ ঘণ্টা রাখার পর একদম ফ্রেশ ও শুকনো স্নিকার্স পরুন।

৩. মোবাইলে জল পড়লে সিলিকা জেল:
অসাবধানতাবশত মোবাইল ফোনে জল পড়লে দ্রুত জল মুছে ফেললেও মোবাইলের ভেতরে জল থেকে যেতেই পারে। এক্ষেত্রে সিলিকা জেল খুব প্রয়োজনীয় একটি উপাদান হিসেবে কাজ করবে। একটি জিপলক ব্যাগে বেশ কয়েকটি সিলিকা জেলের ব্যাগ নিয়ে এতে মোবাইল রেখে দিতে হবে সারারাতের জন্য অথবা অন্তত ৮ ঘণ্টার জন্য। মোবাইলের ভেতরের যন্ত্রাংশে কোনো জল থাকলেও সিলিকা জেল তা শোষণ করে নেবে।

৪. ক্যামেরা ও লেন্স সুরক্ষিত রাখতে:
ক্যামেরা ও লেন্সে খুব সহজেই আমাদের দেশের আবহাওয়ায় ছত্রাক দেখা যায়। এমন দামি জিনিস যদি এভাবে নষ্ট হয়ে যায়, তবে নিশ্চিতভাবে সেটা দারুণ কষ্টের বিষয়। ক্যামেরা ও লেন্সকে দীর্ঘদিন সুরক্ষিত রাখতে ক্যামেরা ও লেন্সের ব্যাগের ভেতরে কয়েকটা সিলিকা জেল রেখে দিন এবং নিশ্চিন্ত থাকুন।

৫. কাগজপত্র সুরক্ষিত রাখবে:
প্রয়োজনীয় ও জরুরি কাগজপত্রকে আলাদা করে গুছিয়ে রাখা হয়। লম্বা সময়ের জন্য এভাবে রাখার ফলে বাতাসের আর্দ্রতার দরুন সহজেই কাগজ নমনীয় ও নষ্ট হয়ে যেতে পারে। প্রয়োজনীয় কাগজ যেন নষ্ট না হয়, সেজন্য যে ফাইল বা ব্যাগের ভেতর কাগজ রাখা আছে তার ভেতর কয়েকটা সিলিকা জেলের ব্যাগ ছেড়ে দিন। কাগজ নষ্ট হওয়ার ভয় থাকবে না।

৬. ড্রয়ারের ভেতরের অংশ ফ্রেশ রাখবে:
যেকোনো ড্রয়ারের ভেতরেই একসাথে অনেক ধরনের জিনিস রাখা হয়। এতে করে সহজেই ড্রয়ারের ভেতরে ভ্যাপসা গন্ধ তৈরি হয়। এই সমস্যা এড়াতে প্রতিটি ড্রয়ারে ১-২টি করে সিলিকা জেলের ব্যাগ রেখে দিতে হবে। বাজে গন্ধের সমস্যা আর থাকবে না।

এই সহজ এবং কার্যকর উপায়গুলো অবলম্বন করে আপনি সিলিকা জেলের সর্বোত্তম ব্যবহার করতে পারেন এবং আপনার জিনিসপত্রকে সুরক্ষিত রাখতে পারেন।

আপনি কি আগে এই ব্যবহারগুলো সম্পর্কে জানতেন?