প্রথম দেখাতেই বাজিমাত: ৫ সেকেন্ডে কীভাবে তৈরি করবেন দারুণ ইমপ্রেশন?

একটি বড় ব্যবসায়িক চুক্তি হোক, চাকরির ইন্টারভিউ, অথবা হবু শ্বশুরের সাথে প্রথমবার দেখা – প্রতিটি ক্ষেত্রেই আপনার লক্ষ্য থাকে প্রথমেই তাঁদের চোখে ভালো হওয়া। কিন্তু জানেন কি, একজন নতুন মানুষের মনে আপনার সম্পর্কে ধারণা তৈরি হতে মাত্র ৫ সেকেন্ড সময় লাগে? এই ৫ সেকেন্ড তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই স্বল্প সময়ে কথা বলে ভালো ইমপ্রেশন তৈরি করা কঠিন, তাই এক্ষেত্রে আপনার শরীরী ভাষা (Body Language) হতে পারে আপনার সবচেয়ে বড় হাতিয়ার।
গবেষণায় দেখা গেছে, কোনো মানুষের সামনে প্রথমবার হাজির হওয়ার তিন থেকে চার সেকেন্ডের মধ্যেই যদি আপনি তার সামনে একটি ভালো ইমপ্রেশন তৈরি করতে পারেন, তবে আপনাকে সে বিশ্বাসযোগ্য ও নিরাপদ মনে করা শুরু করবে। এখন আমরা আপনাকে ৪টি ছোট কিন্তু অত্যন্ত কার্যকরী বডি ল্যাঙ্গুয়েজ টিপস দেব, যা অনুসরণ করে আপনি ৫ সেকেন্ডের মধ্যেই নতুন মানুষটির সামনে নিজের একটি ভালো ভাবমূর্তি দাঁড় করাতে পারবেন।
১. হাত-পা আড়ষ্ট করে রাখবেন না:
প্রথম দেখাতে আপনার ভাবভঙ্গি যেন এমন হয়, যাতে আপনার সামনের মানুষটি বুঝতে পারে আপনি একজন মুক্ত মনের মানুষ। শরীর আড়ষ্ট বা শক্ত করে রাখলে, তাতে নার্ভাসনেস এবং আত্মবিশ্বাসহীনতা প্রকাশ পায়।
একটু ব্যাখ্যা করা যাক: গবেষণায় দেখা গেছে, আপনি যদি বুকে আড়াআড়ি হাত বেঁধে দাঁড়ান বা খুব গুটিসুটি হয়ে বসেন, অথবা পা দুটো প্রায় মিশিয়ে অথবা ক্রস করে দাঁড়ান বা বসেন, তাহলে আপনার সামনের মানুষটি আপনার সাথে কথা বলতে খুব বেশি সহজ হতে পারবে না। অন্যদিকে, আপনি যদি হাত দুটোকে সহজ ভঙ্গিতে রাখেন এবং বসা ও দাঁড়ানো – দুই সময়েই দুই পায়ের মাঝে বেশ কিছুটা জায়গা রাখেন – তাহলে আপনার সামনের মানুষটি স্বস্তি বোধ করবে। তবে, সহজ হওয়ার মানে বেশি সহজ হওয়া নয়। অতি আত্মবিশ্বাসও যেন প্রকাশ না পায়, তাহলে হিতে বিপরীত হতে পারে। যতটা পারেন স্বাভাবিক থাকার চেষ্টা করুন।
২. চোখে চোখে তাকান (Eye Contact):
এই ব্যাপারটি হয়তো আপনি আগেই শুনেছেন, বা পড়েছেন। প্রায় সব কমিউনিকেশন স্কিল টিপসের এটি একটি খুবই সাধারণ অংশ, কিন্তু এর যথেষ্ট কারণ আছে। একজন মানুষের সাথে কথা বলার সময়ে চোখে চোখে তাকানো বা আই কন্টাক্ট-এর গুরুত্ব কমবেশি সবারই জানা।
তাই এই ব্যাপারে খুব বেশি কথা না বলে, শুধু এটুকু বলি, কথা বলার সময়ে অপরজনের চোখে চোখ রাখলে তার চোখে আপনি একজন আত্মবিশ্বাসী ও আকর্ষণীয় মানুষ হয়ে উঠবেন। অন্যদিকে, যদি একেবারেই সামনের জনের চোখে না তাকান, অথবা খুবই কম তাকান, তাহলে তার মনে হতে পারে আপনি নার্ভাস বা অনাগ্রহী। এমনকি আপনাকে মিথ্যেবাদীও ভেবে বসতে পারে। তবে খুব বেশি সময় ধরে টানা চোখের দিকে তাকিয়ে থাকলে সেটি আবার একটু উদ্ভট দেখায়। কাজেই মাঝে মাঝে চোখ সরিয়েও নিতে হবে। সামনের মানুষটির মনোভাব ও চরিত্র বুঝে আই কন্টাক্ট করা উচিত।
৩. মুখে হাসি রাখুন:
আই কন্টাক্ট করার সাথে সাথে আপনার আরও যেই কাজটি করতে হবে, তা হল সামনের মানুষটির উদ্দেশ্যে একটি সুন্দর অথচ মুচকি হাসি দেওয়া। হাসি সংক্রামক – এই কথাটা হয়তো অনেকবারই শুনেছেন। তাই আপনার দেওয়া হাসি তার মুখেও ফুটে ওঠার সম্ভাবনা অনেকখানি। এই হাসির কারণে সামনের লোকটি আপনার বন্ধুত্বপূর্ণ মনোভাব সম্পর্কে একটি বার্তা পাবে। মনে রাখবেন, মুখের সাথে যেন চোখও হাসে। হাসিটি যেন আন্তরিক মনে হয়, নাহলে উদ্ভট মনে হতে পারে।
৪. হ্যান্ডশেক করার সময়ে একটু সামনে ঝুঁকুন:
এখানে আপনাকে জাপানিজদের মতো একেবারে ঝুঁকে মাটির কাছাকাছি চলে যেতে বলা হচ্ছে না। বন্ধু বানানোর জন্য এত ঝোঁকার প্রয়োজন নেই। আপনি যখনই একজন নতুন মানুষের সাথে প্রথমবারের মতো পরিচিত হবেন, তখন হাই-হ্যালো বিনিময় অথবা হ্যান্ডশেক করার সময়ে তার দিকে হালকা ঝুঁকুন – একদম অল্প করে। এতে সামনের মানুষটির অবচেতন মনে একটি বার্তা যাবে যে আপনি তার প্রতি আন্তরিক ও বন্ধু ভাবাপন্ন।
তবে যদি বিপরীত লিঙ্গের কারও সাথে এরকম করেন, তবে সেখানে একটি চিন্তার বিষয় আছে। মেয়েরা বিশেষ করে কোনো পুরুষের এই ধরনের আচরণকে আন্তরিকতা ও বন্ধুত্বের চেয়ে বেশি ‘ভাব জমানোর চেষ্টা’ মনে করে থাকে। কাজেই সেক্ষেত্রে ঝোঁকার মাত্রা আরও কমিয়ে দিন।
আপনি হয়তো ভাবছেন মাত্র তিন থেকে পাঁচ সেকেন্ডের মধ্যে এতকিছু কিভাবে হবে? – ব্যাপারটি নিজে করে দেখতে পারেন, তাহলেই বুঝবেন। একজন নতুন মানুষের সাথে অল্প সময়ে বন্ধুত্বের সম্পর্ক সৃষ্টি করার তিনটি ধাপের প্রথম ধাপ এটি।
এই টিপসগুলো কি আপনার আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে বলে মনে করেন?