দুপুরের ভাতঘুম: অলসতা নাকি স্বাস্থ্যের চাবিকাঠি?

দুপুরের খাবারের পর একটু ভাতঘুম বাঙালির বহু পুরনো অভ্যাস। কর্মব্যস্ত জীবনে অনেকেই কাজের ফাঁকে চেয়ারেই একটু ঢুলিয়ে নেন। কিন্তু এই দুপুরের ঘুম কি সত্যিই উপকারী নাকি কেবলই অলসতা? এ নিয়ে অনেকের মনেই প্রশ্ন জাগে। আসুন, জেনে নিই দুপুরের ঘুমের উপকারিতা এবং কেন এই ঘুম আমাদের কাছে এত প্রিয়।

দুপুরে ঘুম পায় কেন?
দুপুরের খাওয়ার পর ঘুম পাওয়ার বেশ কিছু বৈজ্ঞানিক কারণ রয়েছে। যখন আমরা প্রয়োজনের তুলনায় বেশি খাই, তখন আমাদের রক্তে ইনসুলিনের মাত্রা ওঠানামা করে। খাবার খাওয়ার সঙ্গে সঙ্গেই শরীর রক্তে সুগার নিয়ন্ত্রণের জন্য ইনসুলিন তৈরি করতে শুরু করে। বেশি খেলে বেশি ইনসুলিন উৎপন্ন হয়। এই হরমোন মস্তিষ্কে গিয়ে বিপাক প্রক্রিয়ার মাধ্যমে মেলাটোনিন ও সেরোটোনিনে রূপান্তরিত হয়। মেলাটোনিন হলো ঘুমের হরমোন, যা আমাদের ঘুমিয়ে পড়তে সাহায্য করে।

এছাড়াও, যখন আমরা ভারী খাবার খাই, তখন তা হজম করতে শরীর প্রায় ৬০-৭০ শতাংশ শক্তি খরচ করে ফেলে। এই শক্তি খরচের কারণেই আমাদের ঘুম পেতে থাকে। শুধু উচ্চ কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবারই নয়, প্রোটিনযুক্ত খাবার খেলেও একই ঘটনা ঘটে।

দুপুরের ঘুমের অবিশ্বাস্য উপকারিতা
দুপুরের ছোট্ট এই ঘুমটুকুর রয়েছে অসাধারণ কিছু স্বাস্থ্য উপকারিতা।

রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে
রাতের ঘুমের চেয়েও দুপুরের ঘুম অনেক সময় বেশি প্রশান্তিদায়ক মনে হতে পারে। কারণ দুপুরের ঘুম তখনই হয় যখন কিছুটা সময় বিশ্রাম পাওয়া যায়। আর এই নিশ্চিন্ত ঘুমের ফলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। রক্তচাপ নিয়ন্ত্রণে থাকা মানেই অনেক অসুখ থেকে দূরে থাকা।

মনে রাখার ক্ষমতা বাড়ায়
বিভিন্ন গবেষণায় দেখা গেছে, যারা নিয়মিত দুপুরে মিনিট তিরিশেক ঘুমান, তাদের মনে রাখার ক্ষমতা অন্যদের তুলনায় অনেক বেশি। দুপুরের ঘুম মস্তিষ্ককে সতেজ করে এবং তথ্য প্রক্রিয়াকরণে সাহায্য করে।

সৃজনশীলতা বৃদ্ধি করে
আপনি যদি একজন সৃজনশীল মানুষ হয়ে থাকেন, তবে দুপুরের ঘুম আপনার জন্য অত্যন্ত উপকারী হতে পারে। গবেষণায় দেখা গেছে, দুপুরের ঘুম সৃজনশীলতা বাড়াতে সাহায্য করে। ঘুমের ফলে মস্তিষ্ক খানিকটা বিশ্রাম পায়, যার ফলে নতুন করে চিন্তা করার ক্ষমতা বাড়ে।

স্নায়ুর চাপ কমায়
দুপুরের ঘুম স্নায়ুর চাপ কমাতেও দারুণ কার্যকরী। যদি কোনো কারণে মন খারাপ থাকে বা উদ্বিগ্ন বোধ করেন, তবে দুপুরে সুযোগ করে খানিকটা সময় ঘুমিয়ে নিন। এতে মন ভালো থাকবে এবং দুশ্চিন্তা কমবে।

ক্লান্তি দূর করে
রাতের ঘুম ভালোভাবে না হলে দিনের বেলায় শরীরটা ম্যাজম্যাজ করে, খিটখিটে মেজাজ হয়। এই সমস্যা থেকে মুক্তি দিতে পারে দুপুরের ঘুম। দুপুরে কিছুটা সময় ঘুমিয়ে নিতে পারলে ক্লান্তি দূর হয় এবং শরীর চনমনে হয়ে ওঠে।

সুতরাং, দুপুরের ভাতঘুম কেবল অলসতা নয়, বরং শরীরের জন্য এটি একটি উপকারী অভ্যাস। সময় পেলে দুপুরে খানিকটা সময় ঘুমিয়ে নিতে পারেন, এতে ক্ষতির কিছু নেই, বরং মিলবে অনেক উপকার।