ডেটিংয়ে ‘গ্রিন ফ্ল্যাগ’: আপনার সঙ্গী আসলেই ‘পারফেক্ট’ তো?

নবীন প্রজন্মের ডেটিং সংস্কৃতিতে এখন নিত্যনতুন শব্দ আর ধারণা ঢুকে পড়ছে। এর মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত এবং আলোচিত একটি শব্দ হলো ‘গ্রিন ফ্ল্যাগ’। যখন আপনার সঙ্গী আপনার জন্য একদম সঠিক, দারুণ ভালো একজন মানুষ এবং আপনি তার সঙ্গে জীবন কাটাতে চান, তখন সেই মানুষটিকে বলা হয় ‘গ্রিন ফ্ল্যাগ’। কিন্তু প্রথম দেখায় বা দু-এক দিনের আলাপে কিভাবে বুঝবেন আপনার সঙ্গী সত্যিই ‘গ্রিন ফ্ল্যাগ’ কিনা? জেনে নিন কিছু গুরুত্বপূর্ণ দিক।
চাহিদা সম্পর্কে সচেতনতা
প্রথম ডেটেই একজন মানুষকে পুরোপুরি চেনা কঠিন। আবার আপনিও আপনার সব কথা খুলে বলতে পারবেন না। তবে শুরু থেকেই আপনার কী চাই, সে বিষয়ে স্পষ্ট থাকা জরুরি। আপনি কি ক্যাজুয়াল ডেটিং খুঁজছেন, ওপেন রিলেশনশিপ নাকি বিয়ে? এই বিষয়ে যদি আপনার সঙ্গী আপনাকে স্পষ্ট ধারণা দিতে পারে, তাহলে বুঝবেন মানুষটি ‘গ্রিন ফ্ল্যাগ’। যে নিজের চাহিদা সম্পর্কে অবগত এবং তা প্রকাশ করতে দ্বিধা করে না, সে সম্পর্কের ভিত্তি মজবুত করে।
অন্যকে দোষ না দেওয়া
যদি আপনার সঙ্গী তার অতীতের সম্পর্ক ভেঙে যাওয়ার জন্য বা জীবনে কোনো ভুল সিদ্ধান্তের জন্য বারবার অন্যকে দোষারোপ করে এবং নিজের ভুল স্বীকার করতে না চায়, তবে এমন মানুষের সঙ্গে থাকা বেশ কঠিন হতে পারে। এর পরিবর্তে, যে মানুষ নিজের ভুল মেনে নিয়ে জীবন এগিয়ে যেতে জানে, সে আপনার জন্য ‘গ্রিন ফ্ল্যাগ’। এর পাশাপাশি, যে মানুষ আপনাকে সম্মান করে এবং কখন, কোথায় কী কথা বলতে হয়, তা জানে, সেও এই তালিকার অন্তর্ভুক্ত।
সততা
জীবনে যা-ই ঘটুক না কেন, সততা অত্যন্ত জরুরি। শুধু ঠিক-ভুলের বিচার নয়, আপনি যে কাজ করছেন এবং যার সঙ্গে কাজ করছেন, তার প্রতি সৎ থাকা প্রয়োজন। যদি আপনার সঙ্গী সৎ হয়, তাহলে তার সঙ্গে ঘর বাঁধা অনেক সহজ হবে। সততা একটি সুস্থ সম্পর্কের মূল ভিত্তি।
কথার মূল্য দেওয়া
যে মানুষ মুখে এক কথা বলে আর কাজ করে আরেক, তাদের থেকে দূরে থাকুন। আপনার সঙ্গী যদি তার কথা ও কাজের মধ্যে সামঞ্জস্য রাখে এবং কথার দাম দিতে জানে, তবে সে একজন ‘গ্রিন ফ্ল্যাগ’। এমন মানুষ কমিটমেন্ট দেয় এবং তা পূরণও করে। এই ধরনের মানুষ আপনাকে কোনো দিন ঠকাবে না।
সম্পর্ক মজবুত করা
সম্পর্ককে মজবুত করার জন্য যে মানুষ সারাক্ষণ চেষ্টা করে, এফোর্ট দেয় এবং আপনার খেয়াল রাখে, সেই তো ‘গ্রিন ফ্ল্যাগ’! যে আপনার সঙ্গে সময় কাটায়, আপনাকে বোঝে, আপনি যাতে ভালো থাকেন এবং সুরক্ষিত থাকেন তার চেষ্টা করে, এমন মানুষ কে না চায়? যদি এমন ‘গ্রিন ফ্ল্যাগ’ মানুষের সঙ্গে আপনার প্রেম হয়, তবে তাকে কখনোই হাতছাড়া করবেন না!