গরমে ঠান্ডা পানীয় খাচ্ছেন? প্রতি চুমুকেই শরীরে ঢোকাচ্ছেন বিষ!

রোদে ক্লান্ত হয়ে রাস্তায় দোকানে দেখলেই লোভ সামলানো কঠিন। ঝটপট একটা কোল্ড ড্রিংক কিনে ঢকঢক করে খেয়ে ফেলেন অনেকেই। গরমে এই অভ্যাস যেন স্বাভাবিক। কিন্তু জানেন কি, এই ঠান্ডা পানীয় আপনার শরীরে ঠিক কতটা ক্ষতি করছে? তৃষ্ণা মেটাতে আদৌ কোল্ড ড্রিংক খাওয়া উচিত কি? বিশেষজ্ঞরা বলছেন, কোল্ড ড্রিংকের প্রতিটি চুমুকেই শরীরে প্রবেশ করছে বিষ!

তীব্র গরমে ক্লান্ত শরীর জুড়াতে ফ্রিজ খুলে ঠান্ডা পানীয় পান করা বা বিয়েবাড়ি থেকে ফেরার পথে দোকান থেকে কোল্ড ড্রিংক কিনে খাওয়া—এই অভ্যাস ডেকে আনছে বড় বিপদ। ঠান্ডা পানীয় পান করার সঙ্গে সঙ্গেই শরীরে বাসা বাঁধছে নানা রোগ।

কোল্ড ড্রিংক মানেই ওজন বৃদ্ধি ও দাঁতের ক্ষয়:

এই রংবেরঙের ঠান্ডা পানীয় পানের সঙ্গে সঙ্গেই লাফিয়ে বাড়তে পারে আপনার ওজন। শুধু তাই নয়, এতে থাকা ক্ষতিকর উপাদান আপনার দাঁতের এনামেলেরও ক্ষতি করতে পারে। গরমে কোল্ড ড্রিংক মুখে ঢালতেই যেন মুহূর্তের জন্য ক্লান্তি উধাও হয়ে যায়, পোড়া দুপুরের রোদ নিমেষে ঠান্ডা হাওয়ায় পরিণত হয়। কিন্তু সত্যিটা হলো, ঠান্ডা পানীয় আসলে তৃষ্ণা মেটায় না, বরং আরও বাড়িয়ে দেয়।

অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, কোল্ড ড্রিংকের মূল উপাদান তো জল। তাহলে এতে ক্ষতির কী থাকতে পারে? বিশেষজ্ঞরা বলছেন, এর সঙ্গে মেশানো থাকে প্রচুর পরিমাণে খাওয়ার সোডা এবং চিনি।

ফ্যাটি লিভারের কারণ হতে পারে কোল্ড ড্রিংক:

কোল্ড ড্রিংক খেয়েই ফ্যাটি লিভারের সমস্যা বাড়ছে। আসলে প্রায় সব ঠান্ডা পানীয়তেই প্রচুর পরিমাণে চিনি থাকে। এই অতিরিক্ত চিনি শরীরকে ভারী করে তোলে এবং ফ্যাটি লিভারের মতো মারাত্মক সমস্যার সৃষ্টি করতে পারে। ছোট বয়সেও অতিরিক্ত কোল্ড ড্রিংক পান সুগার ও প্রেশারের মতো রোগের কারণ হতে পারে। এছাড়াও, এই পানীয়তে আরও কিছু ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করা হয়ে থাকে। হাই ক্যালোরি যুক্ত এই ড্রিংকসে থাকা অন্যান্য রাসায়নিক উপাদানও শরীরে নানা সমস্যা তৈরি করে।

পুষ্টিহীন অথচ ক্ষতিকর:

কোল্ড ড্রিংকসে প্রচুর ক্যালোরি থাকলেও এর মধ্যে কোনো পুষ্টিগুণ নেই। এই পানীয় পানের মাধ্যমে শরীর কোনো পুষ্টি উপাদান পায় না। বরং সুগার ও প্রেশার থাকলে তা হৃদরোগের ঝুঁকি আরও বাড়িয়ে দিতে পারে। কোল্ড ড্রিংকসে থাকা ফসফোরিক অ্যাসিড হাড়ের ক্ষয় করে। এমনকি নিয়মিত ঠান্ডা পানীয় পান করলে অকাল বার্ধক্য দেখা দিতে পারে। চিকিৎসকরা এমনও বলছেন যে, কোল্ড ড্রিংক মানুষের মনে হিংস্রতাও সৃষ্টি করতে পারে।

তাই গরমের ক্লান্তি দূর করতে বা সাময়িক তৃষ্ণা মেটাতে ঠান্ডা পানীয়ের পরিবর্তে জল পান করুন। এছাড়াও, ডাবের জল, তাজা ফলের রস, লস্যি বা শরবতের মতো স্বাস্থ্যকর পানীয় বেছে নিন। আপনার সামান্য অসচেতনতাই ডেকে আনতে পারে বড় বিপদ। তাই আজ থেকেই এই ক্ষতিকর অভ্যাস ত্যাগ করুন এবং সুস্থ জীবনযাপন করুন।