সঙ্গী কি ঠকাচ্ছে? মিথ্যা ধরবেন কীভাবে, রইল ৫টি গুরুত্বপূর্ণ সূত্র!

প্রেমের সম্পর্কে সন্দেহ দানা বাঁধলে তা ধীরে ধীরে সম্পর্কে ফাটল ধরাতে শুরু করে। আপনার মনে যদি এমন সন্দেহ জাগে যে আপনার সঙ্গী মিথ্যা বলছে বা কিছু লুকাচ্ছে, তবে এই সময় আপনি কী করবেন? আপনার ধারণা আদৌ সঠিক কিনা, তা বোঝার উপায় কী? মনোবিজ্ঞানীরা বলছেন, নারীরা কল্পনা থেকে সত্য ঘটনা আলাদা করতে পারার ক্ষেত্রে সহজাতভাবে বেশ দক্ষ।

মানসিক স্বাস্থ্য বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনের আলোকে এমন কিছু বিষয় আলোচনা করা হলো, যা আপনার সন্দেহের সত্যতা যাচাইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে:

১. অতিরিক্ত আত্মরক্ষামূলক আচরণ:

যে ব্যক্তি মিথ্যা বলে, সে অকারণেই অতিরিক্ত আত্মরক্ষামূলক আচরণ করে এবং যেকোনো প্রশ্নেই খুব বেশি আবেগপ্রবণ হয়ে ওঠে। আপনার চোখের দিকে সরাসরি তাকাতে দ্বিধা বোধ করে এবং সরাসরি উত্তর না দিয়ে কথা ঘোরাতে থাকে। এমনকি আপনার সন্দেহের কারণ জানতে চাইলে খারাপ বা আক্রমণাত্মক আচরণও করতে পারে!

২. অসংলগ্ন উত্তর:

যে সত্য কথা বলে, সে কোনো দ্বিধা ছাড়াই আত্মবিশ্বাসের সঙ্গে আপনার সাথে কথা বলবে। অন্যদিকে, যে মিথ্যা বলছে, সে আপনাকে জটিল ও চতুর উত্তর দেবে এবং উত্তর দিতে সময়ক্ষেপণ করার চেষ্টা করবে। তাদের উত্তরে প্রায়শই অস্পষ্টতা থাকে এবং তারা সরাসরি বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করে।

৩. অপ্রস্তুতভাবে কথা বলা:

মিথ্যা বলার সময় সঙ্গীর কথার ভঙ্গি বেশ অপরিচিত ও অপ্রস্তুত মনে হতে পারে। মানুষ যখন মিথ্যা বলে বা কিছু গোপন করতে চায়, তখন তার স্বাভাবিক কথন ভঙ্গি ও স্বরে অবচেতনভাবেই পরিবর্তন আসে। তাদের মধ্যে অস্বস্তি, মানসিক অস্থিরতা এবং দীর্ঘক্ষণ চুপ হয়ে থাকার প্রবণতা দেখা দিতে পারে।

৪. কথার বিষয়বস্তু পরিবর্তন করতে চাওয়া:

যদি আপনি তাদের ভুলগুলো ধরে ফেলেন বা তারা পরাস্ত হওয়ার উপক্রম হয়, তখন তারা আলোচনার মূল বিষয়বস্তু পরিবর্তন করার চেষ্টা করবে। যার লুকানোর মতো কিছু নেই, সে কখনই বিষয়বস্তু পরিবর্তন করতে চাইবে না। একজন মিথ্যুক তার কথার সাথে অপ্রাসঙ্গিক বর্ণনা যোগ করবে, যাতে আপনি নিজেই বিভ্রান্ত হয়ে যান এবং বিষয়টি এড়িয়ে যান।

৫. লুকোচুরি ও পরিবর্তন:

মাঝে মাঝে আপনার সঙ্গী কথা বলতে বলতে খেই হারিয়ে ফেলতে পারে বা তাদের আচরণে আকস্মিক পরিবর্তন আসতে পারে। তাদের কথা মনোযোগ দিয়ে শুনুন এবং কোনো অসামঞ্জস্যতা দেখলে সরাসরি জিজ্ঞাসা করুন। তারা কি সবসময় লুকোচুরি করে? তাদের ফোন কি সবসময় পাসওয়ার্ড দিয়ে সুরক্ষিত থাকে? অথবা তাদের ‘সার্ফিং হিস্টরি’ মোছার বিষয়ে তারা কি সব সময় তৎপর থাকে?

যদি এমনটা হয়, তাহলে বুঝতে হবে তারা কিছু লুকাচ্ছে। নিজেকে একবার প্রশ্ন করুন, যার লুকানোর মতো কিছু নেই, সে কেন সবকিছু আড়াল করার জন্য এত সচেষ্ট থাকবে!

মনে রাখবেন, এই লক্ষণগুলো শুধু পুরুষদের ক্ষেত্রেই নয়, নারীদের ক্ষেত্রেও প্রযোজ্য হতে পারে। সম্পর্কের বিশ্বাস বজায় রাখা উভয় সঙ্গীর জন্যই জরুরি। সন্দেহ দানা বাঁধলে সরাসরি আলোচনা করুন এবং প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নিন।