বিশ্বজুড়ে বাড়ছে ডায়াবেটিস, যোগাসনেই মিলতে পারে মুক্তি

বিশ্বজুড়ে ডায়াবেটিসে আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে, যা জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের জন্য একটি বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘস্থায়ী এই রোগ নিয়ন্ত্রণে রাখা বেশ কঠিন, তবে সঠিক জীবনযাত্রা ও নিয়মিত শরীরচর্চার মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণে আনা সম্ভব। এমনকি, নিয়মিত অনুশীলনের মাধ্যমে এই রোগ থেকে মুক্তিও পাওয়া যেতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
যোগব্যায়াম বিশেষজ্ঞদের মতে, নিয়মিত যোগাভ্যাস ডায়াবেটিস নিয়ন্ত্রণে অত্যন্ত সহায়ক। যোগব্যায়াম রক্ত সঞ্চালন উন্নত করে এবং শরীরে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। শুধু তাই নয়, উচ্চ রক্তচাপ ও মানসিক চাপ কমাতেও যোগব্যায়ামের জুড়ি মেলা ভার।
ভারতের প্রখ্যাত যোগ প্রশিক্ষক কবিতা দাস বসাক ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক তিনটি গুরুত্বপূর্ণ যোগাসনের পরামর্শ দিয়েছেন। আসুন, জেনে নেওয়া যাক ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে কোন কোন যোগ ব্যায়ামগুলি করা উচিত-
ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখবে যে ৩ যোগব্যায়াম:
১. ধনুরাসন (ধনুক ভঙ্গি):
এই আসনটি করার জন্য প্রথমে পেটের উপর সোজা হয়ে শুয়ে পড়ুন। এরপর আপনার পা এবং নিতম্ব ভাঁজ করে উপরের দিকে তুলুন। দুই হাত দিয়ে দুই পায়ের গোড়ালি ধরার চেষ্টা করুন। এই সময় আপনার মুখ ও বুক উপরের দিকে ওঠানো থাকবে। যতটা সম্ভব বুক উঁচু করার চেষ্টা করুন এবং উপরের দিকে তাকান। গভীরভাবে শ্বাস নিন এবং মনোযোগ স্থির করুন। এই ভঙ্গিটি ১৫-২০ সেকেন্ডের জন্য ধরে রাখুন। তারপর ধীরে ধীরে আগের অবস্থায় ফিরে আসুন। এভাবে কয়েকবার আসনটি পুনরাবৃত্তি করুন।
২. চক্রাসন (চাকা ভঙ্গি):
চক্রাসন করার জন্য প্রথমে সোজা হয়ে শুয়ে পড়ুন। এরপর হাঁটু ভাঁজ করে পায়ের পাতা মাটিতে রাখুন। অন্যদিকে, আপনার দুই হাত কাঁধের উপরে মাটিতে ঠেকিয়ে কোমর উপরের দিকে তোলার চেষ্টা করুন। পা ও হাতের ভারসাম্য বজায় রেখে এই আসনটি করতে হবে। ১৫-২০ সেকেন্ডের জন্য এই অবস্থানে থাকার চেষ্টা করুন, তারপর ধীরে ধীরে বিশ্রাম নিন।
৩. মৎস্যাসন (মাছের ভঙ্গি):
এই আসনটি করার জন্য প্রথমে সোজা হয়ে শুয়ে পড়ুন। তারপর আপনার কোমরের নীচে দুই হাত সোজা করে রাখুন। কোমর উঁচু করে ধরুন এবং পা সোজা রাখুন। আপনার মুখ উপরের দিকে তুলে রাখুন। ১৫-২০ সেকেন্ড করে কয়েকবার এই আসনটি অনুশীলন করুন।
যোগ প্রশিক্ষক কবিতা দাস বসাক মনে করেন, নিয়মিত এই তিনটি আসন অনুশীলন করার পাশাপাশি সঠিক খাদ্যাভ্যাসে পরিবর্তন আনলে খুব দ্রুত ডায়াবেটিস থেকে মুক্তি পাওয়া সম্ভব। তিনি আরও বলেন, যোগা শুধু শরীরকেই সুস্থ রাখে না, এটি মনকেও শান্ত ও স্থির রাখতে সাহায্য করে, যা ডায়াবেটিস নিয়ন্ত্রণে অত্যন্ত জরুরি।