পাকা আম কিনছেন? মিষ্টি না টক, কেনার আগেই চিনে নিন সহজ উপায়ে!

শুরু হয়ে গিয়েছে আমের মরশুম। বাজারে এখন বিভিন্ন প্রজাতির আমের সমাহার। সুস্বাদু এই ফলটি খেয়ে আমরা সকলেই তৃপ্ত হই। তবে বাজারের পাকা আম কার্বাইড দিয়ে পাকানো নাকি প্রাকৃতিকভাবে পাকা, তা বোঝা বেশ কঠিন। আবার বাইরে থেকে দেখে আমটি মিষ্টি হবে নাকি টক, তাও আন্দাজ করা যায় না। কিন্তু সামান্য বুদ্ধি খাটালেই আপনি কেনার আগেই বুঝতে পারবেন আমটি কেমন হবে। আসুন, জেনে নেওয়া যাক পাকা আম চেনার কিছু সহজ উপায়:
বেশি নরম আম এড়িয়ে চলুন: অতিরিক্ত নরম আম কিনবেন না। এই ধরনের আম মিষ্টি হওয়ার সম্ভাবনা কম থাকে। পাকা আম সামান্য নরম দেখে কিনুন। একটু শক্ত থাকলে ঘরে একদিন রেখে দিলেই তা খাওয়ার উপযুক্ত হয়ে উঠবে এবং এই আমগুলি সাধারণত মিষ্টি হয়।
খুব শক্ত আমও নয়: আবার খুব বেশি শক্ত আম কিনবেন না। অর্থাৎ, হাতে নিলে খোসা সামান্যও যদি নরম অনুভূত না হয়, তাহলে সেই আম টক হওয়ার সম্ভাবনা বেশি। খুব বেশি পাকা আম কিনলে তা ঘরে আনার পর একদিন রাখলেই পচে যেতে পারে।
বোটার গন্ধ পরীক্ষা করুন: আম টক না মিষ্টি, তা বোঝার জন্য এই একটি সহজ উপায় অবলম্বন করুন। আমের বোটার অংশটা সামান্য ভেঙে দিন অথবা বোটা যদি ভাঙা থাকে, তাহলে একটু গন্ধ শুঁকে দেখুন। যদি খুব মিষ্টি সুগন্ধ বের হয়, তাহলে সেই আম অবশ্যই মিষ্টি হবে।
গন্ধ না থাকলে সন্দেহ: আমের রং সুন্দর হলেও যদি বোটার অংশ থেকে কোনো মিষ্টি সুগন্ধ না বের হয়, তাহলে সেই আম টক হওয়ার সম্ভাবনা থাকে।
আমের রং চিনে নিন: বাজারে কিছু জাতের আম পাওয়া যায় যেগুলি লাল রঙের। এই আমগুলি টক হতে পারে। মিষ্টি আম চেনার জন্য হলুদ এবং হালকা সবুজ রঙের আম বেছে নিন। এই ধরনের আম সাধারণত মিষ্টি হয়ে থাকে।
তাই, আম কেনার আগে এই সহজ পরীক্ষাগুলো করে নিন। এর মাধ্যমে আপনি আগেভাগেই বুঝতে পারবেন আপনার কেনা আম মিষ্টি হবে নাকি টক। আর ঠকে যাওয়ার সম্ভাবনাও কমবে।