ডায়াবেটিস হলে কোন ৫টি ফল নিশ্চিন্তে খেতে পারেন?

ডায়াবেটিস ধরা পড়লে খাবার নিয়ে একটা বড় দুশ্চিন্তা এসে ভর করে। রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে তখন অনেক পছন্দের খাবার তালিকা থেকে বাদ দিতে হয়। অন্যান্য খাবারের মতো বিভিন্ন ফলের ক্ষেত্রেও চলে আসে নিষেধাজ্ঞা। রক্তে শর্করা বেড়ে যাওয়ার ভয়ে অনেকেই ফল খাওয়া ছেড়ে দেন। অথচ ফল আমাদের শরীরের জন্য অত্যাবশ্যকীয়। ফল অ্যান্টিঅক্সিডেন্ট ও অন্যান্য পুষ্টিগুণে ভরপুর। ফলের মধ্যে থাকা প্রাকৃতিক চিনি তেমন ক্ষতিকর নয়। এমন পাঁচটি ফল আছে যা ডায়াবেটিস রোগীরাও কোনো চিন্তা ছাড়াই খেতে পারেন। আসুন, সেই ফলগুলো সম্পর্কে জেনে নেওয়া যাক-
পিচ ফল:
পিচ ফলে প্রচুর পরিমাণে ফাইবার, ভিটামিন সি, ভিটামিন এ এবং পটাশিয়াম থাকে। ডায়াবেটিসের কারণে শরীরে যে সমস্যাগুলো দেখা দেয়, পিচ ফলের বায়োঅ্যাকটিভ যৌগ সেগুলোর বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। নিয়মিত পিচ ফল খেলে শরীরের প্রদাহ কমে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং হজমশক্তির উন্নতি ঘটে।
জাম:
বহু বছর ধরে জাম ডায়াবেটিসের ঘরোয়া প্রতিকার হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এই ফলে শর্করার পরিমাণ খুবই কম থাকে। তাই প্রতিদিন জাম খেলেও রক্তে শর্করার মাত্রা বাড়ে না। জামে থাকা বিভিন্ন যৌগ এবং অ্যান্টিঅক্সিডেন্ট স্টার্চকে শক্তিতে রূপান্তরিত করতে সাহায্য করে। এর পাশাপাশি, এটি রক্তে শর্করার সঠিক মাত্রা বজায় রাখতেও সাহায্য করে।
আপেল:
আপেল একটি অত্যন্ত পুষ্টিকর ফল, যা ফাইবারসহ অনেক গুণে সমৃদ্ধ। এটি ডায়াবেটিস রোগীদের জন্যেও বেশ উপকারী। আপেলে ফ্রুক্টোজের পরিমাণ কম এবং এটি দ্রবণীয় ও অদ্রবণীয় উভয় প্রকার ফাইবারে পরিপূর্ণ। এই কারণে আপেল খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমে এবং দীর্ঘক্ষণ পেট ভরা থাকে। আপেলের ফাইবার হজম প্রক্রিয়া এবং চিনি শোষণের গতি কমিয়ে দেয়। ফলে রক্তে ধীরে ধীরে চিনি প্রবেশ করে এবং শর্করার মাত্রা খুব দ্রুত বাড়ে না।
পেঁপে:
পেঁপে রক্তে শর্করার মাত্রা কমাতে সাহায্য করে। এটি শরীরে হাইপোগ্লাইসেমিক প্রভাব ফেলতে পারে। পেঁপেতে ফ্ল্যাভোনয়েড নামক প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়াও, পেঁপেতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট কোষের ক্ষতি প্রতিরোধ করে এবং ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে। এটি কম ক্যালোরিযুক্ত একটি ফল। পেঁপে ভিটামিন বি, ফোলেট, পটাসিয়াম এবং ম্যাগনেসিয়ামের মতো প্রয়োজনীয় পুষ্টি উপাদানে ভরপুর। তাই ডায়াবেটিস রোগীদের জন্য পেঁপে একটি বিশেষ উপকারী ফল।
পেয়ারা:
পেয়ারায় ক্যালোরির পরিমাণ খুবই কম এবং এটি ফাইবার সমৃদ্ধ। পেয়ারা খেলে তা ধীরে ধীরে হজম হয় এবং শরীরের কোষ দ্বারা ধীরে ধীরে শোষিত হয়। ফলে এটি রক্তে শর্করার মাত্রা বাড়ায় না। পেয়ারায় কমলার চেয়ে চার গুণ বেশি ভিটামিন সি থাকে। এছাড়াও, এতে পটাশিয়াম ও সোডিয়ামের মাত্রাও বেশি থাকে। এই উপাদানগুলো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং বিভিন্ন রোগের ঝুঁকি কমায়।