অতিরিক্ত ঘুম ডেকে আনতে পারে বিপদ! ডায়াবেটিস থেকে বন্ধ্যাত্ব পর্যন্ত হতে পারে মারাত্মক রোগ

সুস্থ জীবনযাপনের জন্য পর্যাপ্ত ঘুম অপরিহার্য। ঘুম কেবল সারাদিনের ক্লান্তি দূর করে না, শরীরকে পুনরায় সক্রিয় করে তোলে। তবে যেমন পর্যাপ্ত ঘুমের অভাব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তেমনই প্রয়োজনের অতিরিক্ত ঘুমও ডেকে আনতে পারে ডায়াবেটিস থেকে বন্ধ্যাত্বের মতো মারাত্মক কিছু রোগ।

ঘুম আমাদের শরীরে সেরোটোনিন হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয়। গবেষণা বলছে, অতিরিক্ত ঘুম এই সেরোটোনিনের উপর নেতিবাচক প্রভাব ফেলে এবং নিউরোট্রান্সমিটারের স্বাভাবিক কার্যকারিতাকেও বাধা দেয়। এর ফলে অনেকেই সকালে দেরিতে ঘুম থেকে ওঠার পর তীব্র মাথাব্যথার অভিযোগ করেন। দীর্ঘক্ষণ ঘুমানোর পর শরীরে হঠাৎ ক্ষুধা এবং তীব্র তৃষ্ণা বোধ হয়, যা মাথাব্যথাকে আরও বাড়িয়ে তোলে।

অতিরিক্ত ঘুম মানসিক স্বাস্থ্যের উপরও খারাপ প্রভাব ফেলতে পারে। এটি ডিপ্রেশনের অন্যতম কারণ হতে পারে। ঘুমের স্বাভাবিক চক্র (স্লিপিং সাইকেল) ব্যাহত হলে শরীরে উৎকণ্ঠা এবং মানসিক চাপ সৃষ্টি হতে পারে, যা দীর্ঘমেয়াদী মানসিক সমস্যার দিকে ধাবিত করতে পারে।

বেশি ঘুমানোর একটি সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়া হলো দিনের বেলায় ক্লান্তি অনুভব করা। অত্যধিক ঘুমে শরীরের স্বাভাবিক জৈবিক ঘড়ি (দেহঘড়ি) তার স্বাভাবিক কাজকর্ম হারায়। অতিরিক্ত বিশ্রামের কারণে পেশী এবং স্নায়ু শক্ত হয়ে যেতে পারে, ফলে দিনের বেলা শারীরিক চাপ নিতে সমস্যা হয় এবং শরীরে আলস্য ভর করে।

অতিরিক্ত ঘুম আমাদের শরীরের হরমোনের ভারসাম্যের উপরও প্রভাব ফেলে। বিশেষ করে ইনসুলিন নিয়ন্ত্রণকারী হরমোনগুলো এর দ্বারা বেশি প্রভাবিত হয়। বেশি ক্লান্ত বোধ করার কারণে শরীরে শক্তির অভাব দেখা দেয়, যার ফলে অনেকেই জাঙ্ক ফুড বা উচ্চ ক্যালরিযুক্ত খাবার খাওয়া শুরু করেন। এই অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে তোলে এবং ডায়াবেটিসের ঝুঁকি বহুগুণে বৃদ্ধি করে।

শুধু তাই নয়, অতিরিক্ত ঘুমের খারাপ প্রভাব নারীদের প্রজনন ক্ষমতার উপরও পড়তে পারে। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, যে নারীরা ইন ভিট্রো ফার্টিলাইজেশন (আইভিএফ) থেরাপিতে রয়েছেন এবং প্রতিদিন সাত থেকে আট ঘণ্টা ঘুমান, তাদের গর্ভধারণের সম্ভাবনা সবচেয়ে বেশি। যেখানে ছয় ঘণ্টা বা তার কম ঘুমানো নারীদের গর্ভধারণের সম্ভাবনা ৪৬ শতাংশ এবং যারা নয় থেকে এগারো ঘণ্টা ঘুমান তাদের সন্তান ধারণের সম্ভাবনা ৪৩ শতাংশে নেমে আসে।

সুতরাং, সুস্থ থাকতে হলে যেমন পর্যাপ্ত ঘুমের প্রয়োজন, তেমনই অতিরিক্ত ঘুমও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। দৈনিক সাত থেকে আট ঘণ্টার একটি নিয়মিত ঘুমের রুটিন বজায় রাখা জরুরি। যদি অতিরিক্ত ঘুমের প্রবণতা দেখা যায়, তবে এর কারণ খুঁজে বের করা এবং প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ নেওয়া উচিত।