রাতে বিছানা ভেজাচ্ছেন? হতে পারে হৃদরোগের লক্ষণ!

ছোটবেলায় ঘুমের মধ্যে বিছানা ভেজা একটি পরিচিত ঘটনা হলেও, বড় হওয়ার পরেও যদি তা প্রায়শই ঘটে, তবে তা অবশ্যই চিন্তার কারণ। সম্প্রতি একদল গবেষক এমনটাই মত প্রকাশ করেছেন যে, প্রাপ্তবয়স্কদের ঘুমের মধ্যে অজান্তে প্রস্রাব করা গুরুতর হৃদরোগের লক্ষণ হতে পারে।
হৃদ্যন্ত্রের গবেষণা সংক্রান্ত একটি আন্তর্জাতিক গবেষণাপত্রে প্রকাশিত সাম্প্রতিক একটি গবেষণা জানিয়েছে, ঘুমের মধ্যে মূত্রত্যাগ বা ‘ইনভলান্টরি ইউরিনেশন ডিউরিং স্লিপ’ ‘কার্ডিয়াক অ্যারিদমিয়া’র একটি গুরুত্বপূর্ণ লক্ষণ হতে পারে।
গবেষকরা এই চাঞ্চল্যকর তথ্যটি আবিষ্কার করেন ২৩ বছর বয়সি এক রোগীর আকস্মিক মৃত্যুর কারণ অনুসন্ধান করতে গিয়ে। এই সমীক্ষায় অংশগ্রহণকারী ৩৪৬ জন চিকিৎসকের কাজের অভিজ্ঞতার ভিত্তিতেই গবেষকরা সামগ্রিকভাবে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন।
‘কার্ডিয়াক অ্যারিদমিয়া’ এমন একটি রোগ যেখানে হৃদ্যন্ত্রের স্বাভাবিক ছন্দ ব্যাহত হয়। এতদিন ঘুমের মধ্যে অনিচ্ছাকৃত প্রস্রাবের কারণ হিসেবে মূত্রনালীর সংক্রমণ, পেলভিক পেশির দুর্বলতা, মানসিক স্বাস্থ্যের অবনতি, মৃগী রোগ, স্লিপ অ্যাপনিয়া অথবা ডায়াবিটিসের মতো সমস্যাকে চিহ্নিত করা হতো।
তবে হৃদ্যন্ত্রের সমস্যাও যে এই উপসর্গের কারণ হতে পারে, তা জানার পর গবেষকদের পরামর্শ, যদি কোনো প্রাপ্তবয়স্কের মধ্যে এই লক্ষণ দেখা যায়, তবে দ্রুত ইলেক্ট্রোকার্ডিওগ্রাম (ইসিজি) পরীক্ষা করানো উচিত। এই পরীক্ষার মাধ্যমে হৃদ্যন্ত্রের কার্যকলাপ পর্যবেক্ষণ করে কোনো অস্বাভাবিকতা ধরা পড়লে দ্রুত চিকিৎসা শুরু করা সম্ভব হবে। গবেষকদের এই নতুন আবিষ্কার ঘুমের মধ্যে প্রস্রাবের সমস্যাকে হালকাভাবে না নেওয়ার বিষয়ে সতর্কবার্তা দিচ্ছে এবং দ্রুত রোগ নির্ণয়ের গুরুত্বের উপর জোর দিচ্ছে।