টক ঢেকুর বা অ্যাসিড রিফ্লাক্সে জেরবার? মুক্তি মিলবে এই দেশি শাকেই!

‘গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ়’ (জিইআরডি), যা চলতি ভাষায় টক ঢেকুর, চোঁয়া ঢেকুর বা অ্যাসিড রিফ্লাক্স নামে পরিচিত, একটি সাধারণ হজমের সমস্যা। মুখ ও খাদ্যনালীর সংযোগস্থল ইসোফেগাসে যখন পাকস্থলীর খাদ্যবস্তু ফিরে আসে, তখন এই অবস্থার সৃষ্টি হয়। সপ্তাহে দু’বারের বেশি অ্যাসিড রিফ্লাক্সের উপসর্গ দেখা দিলে জিইআরডি-তে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। শুরুতে তেমন ক্ষতিকর মনে না হলেও, সঠিক চিকিৎসা না করালে এটি ভবিষ্যতে দীর্ঘস্থায়ী স্বাস্থ্য সমস্যার কারণ হতে পারে।

তবে এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য ঘরোয়া উপায়ও রয়েছে। খাদ্যাভ্যাসে সামান্য পরিবর্তন আনলেই শরীরকে সুস্থ রাখা সম্ভব। পুষ্টিবিদরা বলছেন, রোজের খাবারে হেলেঞ্চা শাক যোগ করলে বদহজম ও অ্যাসিড রিফ্লাক্সের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। শুধু তাই নয়, এই শাক নিয়মিত খেলে লিভারও ভালো থাকে।

কীভাবে বানাবেন উপকারী হেলেঞ্চা শাক?

এই শাক রান্না করাও খুব সহজ। প্রথমে কড়াইতে সরষের তেল গরম করে তাতে কালোজিরে, শুকনো লঙ্কা ও রসুন কুচি ফোড়ন দিন। এরপর পেঁয়াজ কুচি দিয়ে হালকা নাড়াচাড়া করে কুচিয়ে রাখা হেলেঞ্চা শাক যোগ করুন এবং ভাজা ভাজা করুন। স্বাদ অনুযায়ী নুন দিন। ব্যস, তৈরি হয়ে গেল সুস্বাদু ও স্বাস্থ্যকর হেলেঞ্চা শাক। গরম ভাতের সাথে প্রথম পাতে এই শাক খান। স্বাদে খানিকটা তেঁতো হলেও এটি শরীরের জন্য অত্যন্ত উপকারী।

তাই, যদি আপনিও টক ঢেকুর বা অ্যাসিড রিফ্লাক্সের সমস্যায় ভুগে থাকেন, তাহলে আপনার খাদ্যতালিকায় অবশ্যই হেলেঞ্চা শাক যোগ করুন। এটি কেবল আপনার হজমক্ষমতা উন্নত করবে না, বরং লিভারকেও সুস্থ রাখতে সাহায্য করবে। প্রাকৃতিক উপায়ে এই সমস্যার সমাধান করে সুস্থ জীবনযাপন করা সম্ভব।