অনেকেরই একটি সাধারণ সমস্যা হল চোখের চারপাশে কালচে ছোপ, বিশেষ করে চোখের নীচের অংশে। এই ডার্ক সার্কেল শুধু মুখের সৌন্দর্যই কমায় না, অনেক সময় শরীরের ভেতরের সমস্যারও ইঙ্গিত দেয়। সারা বছর ধরে এই কালচে ছোপ লেগে থাকার পেছনে একাধিক কারণ থাকতে পারে। আসুন, সেই কারণগুলো বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
ঘুমের অভাব: চোখের তলায় কালি হওয়ার অন্যতম প্রধান কারণ হল পর্যাপ্ত ঘুমের অভাব। রাতে যদি ৭ থেকে ৮ ঘণ্টা ঘুম না হয়, তাহলে চোখের তলায় কালচে ছোপ পড়তে বাধ্য। তাই সুস্থ থাকতে পর্যাপ্ত ঘুম অত্যন্ত জরুরি।
লিভার ও পেটের সমস্যা: লিভার বা পেটের কোনো সমস্যা থাকলে অনেক সময় চোখের তলায় কালি দেখা দিতে পারে। যাদের দীর্ঘদিন ধরে চোখের তলায় কালচে ছোপ রয়েছে, তাদের উচিত অবহেলা না করে একবার ডাক্তারের পরামর্শ নেওয়া।
ডিহাইড্রেশন: শরীরে যদি সঠিক পরিমাণে জলের অভাব হয়, অর্থাৎ ডিহাইড্রেশন দেখা দেয়, তার কারণেও চোখের তলার অংশ ফুলে যেতে পারে এবং কালচে ভাব দেখা দিতে পারে। তাই প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে জল পান করা জরুরি।
অতিরিক্ত মানসিক চাপ: অতিরিক্ত স্ট্রেসের কারণেও চোখের তলায় কালি পড়তে পারে। তাই মানসিক চাপ কমানো প্রয়োজন। প্রয়োজনে বিশেষজ্ঞ চিকিৎসকের সাহায্য নিতে হতে পারে।
অ্যালকোহল ও ধূমপান: অ্যালকোহল এবং ধূমপানের অভ্যাস থাকলে, তার জেরেও চোখের তলায় কালি পড়তে পারে। শুধু তাই নয়, চোখের নীচের অংশ ফুলে যেতেও পারে। তাই এই অভ্যাসগুলো ত্যাগ করাই বুদ্ধিমানের কাজ।
সূর্যের তেজ: গরমের সময় সূর্যের তাপে ত্বকে হাইপারপিগমেন্টেশনের সমস্যা দেখা যায়। এর প্রভাবে ত্বকে যেমন ট্যান পড়ে, তেমনই চোখের তলায় কালচে ছোপও বসতে পারে। তাই গরমের দিনে চোখে সানগ্লাস ব্যবহার করা জরুরি।
চোখ চুলকানো বা রগড়ানো: অনেকেরই অভ্যাস থাকে বারবার চোখ চুলকানো বা চোখে হাত দিয়ে রগড়ানো। এর ফলে চোখের চারপাশ ফুলে যেতে পারে এবং ওই অংশে থাকা রক্তনালীগুলিতে চাপ পড়ে তা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
জিনগত কারণ: জিনগত কারণেও চোখের তলায় সারা বছর এই কালচে ছোপ থাকতে পারে। অর্থাৎ, পরিবারের অন্য সদস্যদের যদি এই সমস্যা থাকে, তাহলে আপনারও জিনগত কারণে ডার্ক সার্কেল হতে পারে।
ডার্ক সার্কেল কমাতে যা করবেন:
যাদের ডার্ক সার্কেলের সমস্যা রয়েছে, তারা নিয়মিতভাবে আন্ডার আই ক্রিম ব্যবহার করতে পারেন। এই ক্রিম চোখের তলার কালচে ছোপ ধীরে ধীরে কমাতে সাহায্য করে। এছাড়াও, চোখের তলায় কালচে ছোপের সমস্যা দেখা দিলে নিয়মিত বরফের টুকরো আস্তে আস্তে ঘষে লাগালে উপকার পাওয়া যায়।
চোখের তলার কালিকে হালকাভাবে নেবেন না। এর কারণগুলো জেনে সঠিক পদক্ষেপ নিন এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন।