সাবধান! এই অভ্যাসগুলো কমিয়ে দিতে পারে আপনার স্পার্ম কাউন্ট

আজকাল বহু পুরুষ স্পার্ম কাউন্ট বা শুক্রাণুর সংখ্যা কমে যাওয়ার সমস্যায় ভুগছেন। তবে একটু সচেতন হলেই এই ধরনের সমস্যা সহজেই এড়ানো সম্ভব। স্পার্ম কাউন্ট কম থাকার কারণে অনেক দম্পতিই বাবা-মা হওয়ার আকাঙ্ক্ষা পূরণ করতে পারেন না। এই কারণে আগে থেকেই সতর্ক থাকা জরুরি, না হলে ভবিষ্যতে বড় বিপদের সম্মুখীন হতে পারেন।
আসুন জেনে নেওয়া যাক, প্রতিদিনের কোন কাজগুলো পুরুষের সন্তান উৎপাদন ক্ষমতা বা স্পার্ম কাউন্ট কমিয়ে দেয়:
ধূমপান: তামাক মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। এর পাশাপাশি এটি স্পার্ম কাউন্টও কমিয়ে দেয়। তাই আপনার ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে হলেও ধূমপান থেকে নিজেকে দূরে রাখুন।
ড্রাগ: অ্যানাবলিক স্টেরয়েড পেশীর শক্তি ও বৃদ্ধিকে প্রভাবিত করে। এর ফলে অণ্ডকোষ সংকুচিত হয়ে যায় এবং স্পার্ম কাউন্ট কমে যায়। অর্থাৎ মাদক দ্রব্য গ্রহণ করলে সন্তান উৎপাদন ক্ষমতা হ্রাস পায়।
অবসাদ: যদি আপনি বিষণ্ণতায় ভোগেন, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। আপনার স্পার্ম কাউন্ট কম হওয়ার অন্যতম কারণ হতে পারে এই মানসিক অবসাদ।
অতিরিক্ত ওজন: ওবেসিটি বা অতিরিক্ত ওজনের কারণে স্পার্ম কাউন্ট কমে যেতে পারে। তাই নিজের প্রজনন ক্ষমতা অক্ষুণ্ণ রাখতে হলে ওজন নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন।
অ্যালকোহল: মদ্যপানের অভ্যাস থাকলে সাবধান হন। অ্যালকোহল পুরুষের শরীরে টেস্টোস্টেরনের মাত্রা কমিয়ে দেয়, যা আপনার সন্তান উৎপাদন ক্ষমতা কমিয়ে দেবে। বিশেষ করে যারা অতিরিক্ত পরিমাণে অ্যালকোহল পান করেন, তাদের ক্ষেত্রে এই সমস্যা বেশি দেখা যায়।
সন্তান ধারণের পরিকল্পনা থাকলে অথবা নিজের প্রজনন স্বাস্থ্য ভালো রাখতে হলে উপরোক্ত অভ্যাসগুলো ত্যাগ করা বুদ্ধিমানের কাজ। প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নিন।