মুখের ফোলা ভাব কমাতে চান? রইল সহজ কিছু ব্যায়াম!

পেটের মেদ কমাতে অনেকেই নিয়মিত ব্যায়াম করেন এবং নিজেদের ভুঁড়ি নিয়ন্ত্রণে রাখেন। কিন্তু মুখের অতিরিক্ত মেদ অনেক সময় অস্বস্তির কারণ হতে পারে। এই মেদ থুতনির নীচে জমে গলা পর্যন্ত ঝুলে গিয়ে মুখের স্বাভাবিক গড়ন নষ্ট করে দেয়। ফলে দেখতে যেমন খারাপ লাগে, তেমনই বয়সের ছাপও বেশি মনে হয়।
মুখের সৌন্দর্য ধরে রাখতে গাল এবং থুতনির নীচে জমা এই অতিরিক্ত মেদ কমিয়ে ফেলা অত্যন্ত জরুরি। তবে পেটের মেদের মতো মুখের মেদ কমানো কিন্তু ততটা সহজ নয়। মুখের মেদ কমানোর পদ্ধতি একেবারেই আলাদা। আসুন, জেনে নেওয়া যাক সেই ব্যায়ামগুলি:
ব্যায়াম ১: প্রথমে যতটা সম্ভব মুখ হাঁ করে খুলুন। খেয়াল রাখবেন, গাল, ঠোঁট এবং থুতনিতে যেন টান অনুভব হয়। এই অবস্থায় অন্তত তিন মিনিট থাকুন, তারপর ১৫-২০ সেকেন্ডের জন্য বিশ্রাম নিন। এই ব্যায়ামটি দিনে দু’বার করলে মুখের রক্ত সঞ্চালন বাড়বে এবং মুখের অতিরিক্ত মেদ কমাতে সাহায্য করবে।
ব্যায়াম ২: চোখ বন্ধ করে চোখের পাতার উপর আঙুল রাখুন এবং চোখের পাতা নীচের দিকে নামাতে থাকুন। একইসঙ্গে ভ্রু উপরের দিকে তোলার চেষ্টা করুন। এইভাবে প্রতিদিন অন্তত পাঁচ মিনিট ব্যায়াম করলে চোখের কোলে জমে থাকা মেদ ধীরে ধীরে কমে যাবে। কপালও টানটান হবে।
ব্যায়াম ৩: মাথা ধীরে ধীরে যতটা সম্ভব পিছনের দিকে হেলান। যতক্ষণ না ঘাড় ও থুতনির নীচে চাপ অনুভব করছেন। এবার চোয়াল ডান দিক থেকে বাঁ দিকে এবং বাঁ দিক থেকে ডান দিকে ধীরে ধীরে ঘোরানোর চেষ্টা করুন। দিনে পাঁচ মিনিট করে অন্তত ৫ বার এই ব্যায়াম করলে ঘাড় ও গলার পেশি টানটান হবে। একইসঙ্গে ঘাড় ও গলার অতিরিক্ত মেদও দ্রুত কমবে।
ব্যায়াম ৪: মাথা পেছনের দিকে হেলিয়ে দু’হাত দিয়ে গালের ওপর সমানভাবে চাপ সৃষ্টি করুন। একইসঙ্গে যতটা সম্ভব মুখ বন্ধ রেখে হাসার চেষ্টা করুন। অন্তত ১০ মিনিট ধরে নিয়মিত এই ব্যায়াম করলে গাল থেকে অতিরিক্ত মেদ সহজেই কমে যাবে।
ব্যায়াম ৫: মুখের মধ্যে একটি বা দুটি আঙুল ঢুকিয়ে যতটা সম্ভব জোরে চুষুন। অথবা ওই ভঙ্গিতে মুখের ভেতরে হাওয়া টেনে গাল দুটোকে যতটা সম্ভব সংকুচিত করুন। প্রতিদিন অন্তত ১০ বার এই পদ্ধতিতে ব্যায়াম করলে গালের ফোলা ভাব দ্রুত কমে যাবে।
উপরের ব্যায়ামগুলো নিয়মিত করলে মুখের অতিরিক্ত মেদ কমে যাবে এবং মুখ হবে টানটান। এর ফলে মুখের বয়সের ছাপও দূর হবে এবং আপনি হয়ে উঠবেন আরও আকর্ষণীয়।