প্লাস্টিক বা অ্যালুমিনিয়াম নয়, শিশুদের টিফিন দিন স্টিলের বক্সে!

স্কুলে বাচ্চাদের টিফিন দেওয়ার সময় মায়েদের প্রায়ই হিমশিম খেতে হয়। একদিকে বাচ্চাদের ‘এটা খাব না, ওটা খাব না’ বায়না, অন্যদিকে সুন্দর, রংচঙে টিফিন বক্স ছাড়া তারা টিফিন নিতেই চায় না।

তবে মায়েদের কাছে বাহারি টিফিন বক্সের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হলো খাবার দীর্ঘক্ষণ গরম রাখা এবং জীবাণুমুক্ত রাখা। তাই তারা প্রায়শই প্লাস্টিকের আকর্ষণীয় টিফিন বক্সে অ্যালুমিনিয়াম ফয়েলে ভালো করে খাবার মুড়ে দেন।

এতে খাবার হয়তো দীর্ঘক্ষণ গরম থাকে, কিন্তু প্লাস্টিকের টিফিন বক্সের ক্ষতিকর রাসায়নিকের হাত থেকে শিশুকে রক্ষা করা সম্ভব হয় না।

বিশেষজ্ঞদের মতে, প্লাস্টিকের টিফিন বাক্স বা অ্যালুমিনিয়াম ফয়েলে মুড়ে শিশুদের টিফিন দিলেই মারাত্মক বিপদ হতে পারে! দীর্ঘদিন ধরে এই পদ্ধতিতে খাবার খাওয়ার ফলে শিশুদের শরীরে হরমোনের ভারসাম্য নষ্ট হয়ে যেতে পারে। কারণ, এই পদ্ধতিতে খাবার খাওয়ার ফলে সামান্য পরিমাণে হলেও খাবারের সঙ্গে মেশা ক্ষতিকর রাসায়নিক ধীরে ধীরে জমা হতে থাকে শিশুদের শরীরে।

কীভাবে প্লাস্টিকের টিফিন বাক্স বা প্লাস্টিকের তৈরি পাত্রে রাখা খাবার শিশুদের ক্ষতি করে?

মার্কিন যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (FDA)-এর একটি রিপোর্টে জানানো হয়েছে, প্লাস্টিকের টিফিন বক্সে বা প্লাস্টিকের তৈরি কোনও পাত্রে গরম খাবার রাখলে ওই গরম খাবারের সংস্পর্শে এসে প্লাস্টিকের পাত্র থেকে ক্ষতিকর রাসায়নিক ‘জেনোস্ট্রেজেন’ নির্গত হয়।

পলিথিন ফয়েলে গরম খাবার মুড়ে রাখলেও একইভাবে খাবারে মেশে ক্ষতিকর ‘জেনোস্ট্রেজেন’। মার্কিন বিশেষজ্ঞদের মতে, এই ‘জেনোস্ট্রেজেন’-এর প্রভাবে শিশুদের শরীরে হরমোনের ভারসাম্য নষ্ট হয়ে যেতে পারে। শুধু তাই নয়, অ্যালুমিনিয়াম ফয়েলে মুড়ে রাখা খাবারও শিশুদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

ভারতীয় পুষ্টিবিদ রুজুতা দ্বিওয়েকারের মতে, খাবার দীর্ঘক্ষণ গরম রাখতে সেটা অ্যালুমিনিয়াম ফয়েলে মুড়ে রাখা হয়। কিন্তু অনেকেই জানেন না, গরম খাবার অ্যালুমিনিয়াম ফয়েলের সংস্পর্শে আসার ফলে খাবারে মিশতে থাকে অ্যালুমিনিয়াম।

রুজুতা দ্বিওয়েকারের মতে, এই অ্যালুমিনিয়াম মেশানো খাবার খেলে শরীরে ইনসুলিনের ভারসাম্য বিগড়ে যেতে পারে। ফলে স্থূলতা, ফ্যাটি লিভার এবং ডায়াবেটিসের মতো রোগের ঝুঁকি অনেকটাই বেড়ে যায়।

তাই এক্ষেত্রে বিশেষজ্ঞদের পরামর্শ হলো, শিশুদের স্টিলের টিফিন বক্সে খাবার দিন। সম্ভব হলে খাবার কাপড়ে মুড়ে দিন। এই পদ্ধতিতেও খাবার দীর্ঘক্ষণ গরম থাকবে এবং আপনার শিশুর স্বাস্থ্যও সুরক্ষিত থাকবে। বাহারি প্লাস্টিকের টিফিন বক্সের ক্ষতিকর প্রভাব থেকে আপনার সন্তানকে বাঁচাতে আজই স্টিলের টিফিন বক্স ব্যবহার শুরু করুন।