বেশিরভাগ ক্যান্সার রোগী প্রথম দিকে রোগ সম্পর্কে অবগত হন না

বেশিরভাগ ক্যান্সার আক্রান্ত রোগীই প্রথমদিকে এই মারাত্মক রোগ সম্পর্কে কিছুই জানতে পারেন না। যখন ক্যান্সার কোষ শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়তে শুরু করে, তখনই বিভিন্ন শারীরিক সমস্যার লক্ষণ দেখা দিলে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে ক্যান্সার ধরা পড়ে।

বর্তমানে বিশ্বজুড়ে ক্যান্সার আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। অনিয়মিত জীবনযাপন থেকে শুরু করে অ্যালকোহল, ধূমপানসহ বিভিন্ন কারণে ফুসফুস, স্তনসহ প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন অনেকেই।

অনেকে ক্যান্সারের নাম শুনলেই ভয়ে পিছিয়ে যান। আসলে এই রোগ প্রতিরোধের জন্য প্রয়োজন সঠিক জ্ঞান ও সচেতনতা। এই রোগ নিয়ে যত কম আলোচনা করা হবে, ততই কিন্তু সকলে এই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকবেন।

বিশেষজ্ঞরা বলছেন, ক্যান্সার রোগটি এখন ক্রমশ বাড়ছে। আমাদের জীবনযাত্রার কিছু ভুল এই সমস্যা ডেকে আনছে। তাই প্রতিটি মানুষকে অবশ্যই এই রোগ সম্পর্কে সতর্ক থাকতে হবে।

যেহেতু ক্যান্সার একবার ধরা পড়লে তার চিকিৎসা দীর্ঘমেয়াদী হয়ে থাকে, তাই যত দ্রুত রোগটি শনাক্ত করা যাবে, রোগীর সুস্থতা তত বেশি নিশ্চিত হবে। ক্যান্সার শরীরে বাসা বাঁধলে বেশ কিছু লক্ষণ শরীরে দেখা দেয়, যা সাধারণ ভেবে অনেকেই উপেক্ষা করেন।

তাই শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গে কোনো সমস্যা দেখা দিলে অবহেলা করবেন না। এর মাধ্যমেই কিন্তু প্রাথমিক পর্যায়ে ক্যান্সার শনাক্ত করা সম্ভব।

জানেন কি, শরীরে ক্যান্সার বাসা বাঁধলে চোখেও এর প্রভাব পড়ে? হ্যাঁ, এ কারণে চোখে বেশ কয়েকটি লক্ষণ দেখা দিতে পারে। এক্ষেত্রে বহু মানুষের চোখের দৃষ্টি ঝাপসা হয়ে যেতে পারে। গবেষণায় দেখা গেছে, ফুসফুসে টিউমার হলেও চোখের দৃষ্টি ঝাপসা হয়। এমনকি চোখে ব্যথা সহ নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে।

২০২০ সালের একটি গবেষণা অনুসারে, চোখের বেশ কিছু সমস্যা যেমন – চোখে কম দেখা, চোখে ঝাপসা দেখা, ব্যথা, চোখে কোনো স্পট ঘুরে বেড়ানো, চোখে ফুলে যাওয়া, চোখ জ্বালা করা ইত্যাদি দেখা দিলে কেউ অবহেলা করবেন না। কারণ চোখের এই ৬টি লক্ষণ শরীরের কোনো ক্যান্সার টিউমারের ইঙ্গিতও দিতে পারে।

গবেষণায় আরও দেখা গেছে, ফুসফুসের ক্যান্সারের মতোই স্তন ক্যান্সার হলেও চোখে সমস্যা দেখা দিতে পারে। এক্ষেত্রে চোখ জ্বালা করা, চোখ থেকে ক্রমাগত জল পড়া, চোখ গোলাপি হয়ে যাওয়া ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে। এমনকি প্রোস্টেট ক্যান্সারেও এই লক্ষণ দেখা দিতে পারে। তাই চোখের কোনো সমস্যাকে অবহেলা করবেন না।

ক্যান্সার হলে চোখে সমস্যা দেখা দেওয়ার মূল কারণ হলো অরবিটাল মেটাস্টেসিস। এক্ষেত্রে বেশ কিছু ক্যান্সার বেড়ে গেলে চোখের আশেপাশেও প্রভাব ফেলে। তখন নানা সমস্যা দেখা দেয়।

যদিও এসব ক্ষেত্রে ক্যান্সার সম্ভবত চোখে ছড়ায় না, তবে এর লক্ষণ পৌঁছায়। সাধারণত স্তন, ফুসফুস ও প্রোস্টেট ক্যান্সারের ক্ষেত্রে সমস্যা চোখে পৌঁছে যায়। তবে সকলের ক্ষেত্রেই যে সবগুলো লক্ষণ প্রকাশ পাবে তা কিন্তু নয়।