যদুবাবুর বাজারে থলি হাতে খোদ মুখ্যমন্ত্রী! দরদাম করে কী কী কিনলেন মমতা?

ভোটের উত্তপ্ত ময়দানে যখন বাগযুদ্ধ তুঙ্গে, ঠিক তখনই রাজনীতির ঊর্ধ্বে উঠে ‘ঘরের মেয়ে’র মেজাজে ধরা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের নির্বাচনী কেন্দ্র ভবানীপুরে প্রচার চলাকালীন হুট করেই তিনি ঢুকে পড়লেন যদুবাবুর বাজারে। সাধারণ মানুষের মতোই ভিড় ঠেলে দরদাম করে কিনলেন ফল ও সবজি।

৫০০ টাকার ফল ও আলফানসো প্রেম: ফল বিক্রেতা ভিকি শাউ জানালেন, দিদি আম খেতে বরাবরই ভালোবাসেন। তাই তাঁর দোকান থেকে দুটি বাছাই করা আলফানসো আম, আঙুর ও আপেল কেনেন তৃণমূল নেত্রী। সব মিলিয়ে ৫০০ টাকার ফল কেনেন তিনি। ভিকির কথায়, “মুখ্যমন্ত্রী হওয়ার আগেও দিদি এই বাজারে আসতেন, আজও সেই চেনা মেজাজেই দেখা গেল তাঁকে।”

সবজি বিক্রেতার মুখে হাসি: ফলের পর মমতা পৌঁছান মহামায়া রায়ের সবজি দোকানে। সেখান থেকে শসা, লেবু, লাউ আর কুদরি কেনেন তিনি। মহামায়া দেবী জানান, কেনাকাটা সামান্য হলেও দিদি তাঁকে ৫০০ টাকার একটি নোট দিয়ে গিয়েছেন। আপ্লুত বৃদ্ধার দাবি, “ভোট না থাকলেও দিদি আমাদের খোঁজ নেন।”

বিজেপি এই ঘটনাকে ‘ভোটের গিমিক’ বলে কটাক্ষ করলেও, যদুবাবুর বাজারের ব্যবসায়ীরা দিদির এই সহজ-সরল মেজাজে মুগ্ধ। ভোটের আবহে মমতার এই ‘মা-মাটি-মানুষ’ ইমেজ যে এক ধাক্কায় অনেকটাই অক্সিজেন পেল, তা স্পষ্ট।