বাসনপত্র থেকে মাছ-মাংসের গন্ধ দূর করার তিন টোটকা জেনেনিন

বাড়িতে ভালো-মন্দ রান্না করলে পরিবারের সকলের মন ভালো হয়ে যায়। তবে রান্নার শেষে যখন বাসন মাজার পরেও মাছ-মাংসের গন্ধ থেকে যায় তখন মেজাজ খারাপ হয়। বাসন মাজার বার বা লিক্যুইডেও অনেক সময় গন্ধ কাটতে চায় না। এর একটা সহজ উপায় হল বাসন ধোওয়ার আগে কিছুক্ষণ গরম জলে ভিজিয়ে রাখা। কিন্তু তার পরও যদি কাজ না হয় তাহলে আপনার রান্নাঘরের কয়েকটি উপকরণ দিয়েই করতে পারেন সমস্যার সমাধান।
১. কফি পাউডারের গন্ধ খুবই কড়া। অন্য অনেক গন্ধ ঢেকে দেয়। যে বাসনে গন্ধ লেগে রয়েছে, তাতে এক চামচ কফি জলে মিশিয়ে কিছুক্ষণ গ্যাসে ফুটিয়ে নিন। তারপর ১৫-২০ মিনিট রেখে বাসন মাজার সাবান দিয়ে ধুয়ে ফেলুন।
২. বাসন থেকে মাছ-মাংসের আঁশটে গন্ধ কাটাতে ভিনিগারের জুড়ি মেলা ভার। ভিনিগার জলে মিশিয়ে আপনার বাসনে ঢেলে গ্যাসে চাপিয়ে দিন। অল্প আঁচে রেখে দিন মিনিট খানেক। তাতেই কাজ হবে।
৩. যে কোনো কিছু পরিষ্কার করার ক্ষেত্রে বেকিং সোডা দারুণ কাজে দেয়। ২ টেবিল চামচ বেকিং সোডার সঙ্গে ৪-৫ টেবিল চামচ ভিনিগার মিশিয়ে নিন। এই মিশ্রণে চাইলে ছোট ছোট করে লেবু কেটে ফেলে রাখতে পারেন কিছুক্ষণ। এরপর এই মিশ্রণ দিয়েই বাসন মেজে নিন।