ছোট মাছের জাদুতে বানান সুস্বাদু কাঁচকি মাছের চচ্চড়ি, এক থালা ভাত নিমেষেই সাফ!

বাঙালির পাতে রুই ও কাতলার পাশাপাশি ছোট মাছের কদর চিরকালই আলাদা। আকারে খুব ছোট হওয়ায় কাঁচকি মাছ কাটা নিয়ে অনেকের মনেই একটু অনীহা থাকে। কিন্তু একবার ভালো করে বেছে নিতে পারলে এর গুণাগুণ সবকিছুর থেকে অনেক বেশি। প্রতি ১০০ গ্রাম কাঁচকি মাছে ১২.৭ গ্রাম প্রোটিন এবং ৪৭৬ মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে। এ ছাড়াও এতে রয়েছে ওমেগা-থ্রি ফ্যাটি অ্যাসিড, যা হার্টের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী।
আয়রন, ফসফরাস, ভিটামিন এ, বি থ্রি, সি এবং ডি-এর মতো পুষ্টি উপাদানে সমৃদ্ধ এই মাছ শরীরকে শক্তি জোগাতে দারুণ সাহায্য করে। তাই সব বয়সিদের জন্যই এই মাছ অত্যন্ত উপকারী। কাঁচকি মাছ খাওয়ার সময় কাঁটাসহ চিবিয়ে খাওয়া উচিত, কারণ কাঁটা ফেলে দিলে অনেক পুষ্টিগুণই নষ্ট হয়ে যায়।
প্রয়োজনীয় উপকরণ
পরিমাণমতো কাঁচকি মাছ
১টি বেগুন (লম্বা করে কাটা)
১টি আলু (লম্বা করে কাটা)
৮ থেকে ১০টি ধনেপাতা কুচি
১টি গোটা শুকনো লঙ্কা
১টি তেজপাতা
১টি ছোট পেঁয়াজ কুচি
৩ কোয়া রসুন কুচি
স্বাদমতো নুন
হলুদ গুঁড়ো
লঙ্কার গুঁড়ো
রান্নার জন্য সর্ষের তেল
বানানোর সহজ পদ্ধতি
১. প্রথমে মাছগুলি ভালো করে ধুয়ে অল্প নুন ও একটু লেবুর রস দিয়ে ১০ মিনিট ভিজিয়ে রাখুন। ২. কড়াইতে পরিমাণমতো সর্ষের তেল ভালো করে গরম করে মাছগুলি হালকা ভেজে তুলে নিন। ৩. এবার ওই তেলেই তেজপাতা ও শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি ভালো করে নাড়াচাড়া করুন যতক্ষণ না পেঁয়াজের রং গোলাপি হয়ে যায়। ৪. পেঁয়াজ ভাজা হলে তার মধ্যে রসুন কুচি, হলুদ গুঁড়ো এবং অল্প নুন দিয়ে ভালো করে কষিয়ে নিন। ৫. এরপর কড়াইতে লম্বা করে কাটা আলু ও বেগুন দিয়ে ৫ মিনিট কম আঁচে ঢাকা দিয়ে রাখুন। মাঝেমধ্যে ঢাকনা খুলে হালকা হাতে নাড়াচাড়া করুন যতক্ষণ না সবজিগুলি ভাজা ভাজা হয়ে আসে। ৬. আলু ও বেগুন ভাজা হলে লঙ্কার গুঁড়ো মিশিয়ে দিন। এরপর ভেজে রাখা মাছগুলি দিয়ে হালকা হাতে সবকিছু একসঙ্গে নেড়ে নিন। ৭. আঁচ বাড়িয়ে এক থেকে দেড় মিনিট রেখে উপর থেকে কুচানো ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নিন।
ব্যাস, গরম ভাতের সঙ্গে পরিবেশন করার জন্য একদম তৈরি সুস্বাদু ও পুষ্টিকর কাঁচকি মাছের চচ্চড়ি।