“বাইরে মুচমুচে, ভেতরে নরম!”-জেনেনিন প্রোটিন আর ফাইবারে ভরপুর সুস্বাদু বড়ার রেসিপি

সবুজ মুগ ডালে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার ও প্রোটিন। যাঁরা স্বাস্থ্যসচেতন অথচ ভাজাভুজি বা মুচমুচে খাবার পছন্দ করেন, তাঁদের জন্য এটি একটি আদর্শ পদ। সারাদিনের ক্লান্তি দূর করে শরীরে এনার্জি বজায় রাখতে সাহায্য করে এই সুস্বাদু স্ন্যাক্স।
প্রয়োজনীয় উপকরণ
সবুজ মুগ ডালের বড়া বানাতে যে সমস্ত উপকরণগুলি লাগবে:
২০০ গ্রাম সবুজ মুগ ডাল
১টি পেঁয়াজ (মিহি করে কাটা)
৪ কোয়া রসুন
৩টি কাঁচা লঙ্কা
১ ইঞ্চি আদা
৫০ গ্রাম ধনে পাতা
৫০ গ্রাম পুদিনা পাতা
১ ইঞ্চি দারুচিনি
১/২ চা চামচ জিরে
স্বাদমতো নুন
ভাজার জন্য পরিমাণমতো তেল
বানানোর সহজ পদ্ধতি
১. প্রথমে সবুজ মুগ ডাল ভালোভাবে ধুয়ে জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। ২. এবার ভেজানো ডালের কিছুটা অংশ আদা, রসুন, কাঁচা লঙ্কা এবং দারুচিনির সঙ্গে একসঙ্গে বেটে নিন। তারপর বাকি ডাল তার সঙ্গে মিশিয়ে নিন। খেয়াল রাখবেন যাতে খুব বেশি জল না থাকে এবং একটি ঘন ও সামান্য দানাদার মিশ্রণ তৈরি হয়। ৩. এরপর এই মিশ্রণটি একটি বড় বাটিতে ঢেলে তাতে কুচানো পেঁয়াজ, ধনে পাতা, পুদিনা পাতা, সর্ষে পাতা, জিরে এবং স্বাদমতো নুন দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। ৪. কড়াইতে তেল গরম করুন। তৈরি করা মিশ্রণটি থেকে ছোট ছোট অংশ নিয়ে হাতের সাহায্যে সামান্য চ্যাপ্টা করে গরম তেলে ছেড়ে দিন। ৫. মাঝারি আঁচে বড়াগুলো সোনালি ও মুচমুচে হওয়া পর্যন্ত ভাজুন। ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে টিস্যু পেপারের উপর তুলে রাখুন।
ব্যাস, একদম তৈরি সুস্বাদু ও পুষ্টিকর সবুজ মুগ ডালের বড়া। গরম গরম চা কিংবা গ্রিন চাটনির সঙ্গে পরিবেশন করুন এই দারুণ পদটি।