হার্দিকের বিদায়ের পর বড় চমক! সূর্যকুমার ও তিলককে টপকে নেতৃত্বে ফিরছেন রোহিত?

বাঁ হাতে ধরা একটি টুপি। ছবিতে এর বাইরে আর কিছু স্পষ্ট নয়, কোনো খেলোয়াড়ের নাম বা ছবির অর্থ নিয়েও কিছু লেখা হয়নি। তবুও মুম্বই ইন্ডিয়ানসের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পোস্ট করা এই একটি ছবি না বলেও যেন অনেক কিছু বুঝিয়ে দিচ্ছে। ক্রিকেট মহলে জোর জল্পনা শুরু হয়েছে, রোহিত শর্মাকে আবারও দলের নেতৃত্বে ফেরানো হচ্ছে এবং এই পোস্টের মাধ্যমেই সেই বড় ইঙ্গিত দিয়েছে ফ্র্যাঞ্চাইজি।

সম্প্রতি ট্রেডের মাধ্যমে মুম্বই ইন্ডিয়ানস ছেড়ে পাঞ্জাব কিংসে যোগ দিয়েছেন হার্দিক পান্ডিয়া। তাঁর পরিবর্তে মুম্বই শিবিরে এসেছেন ভারতীয় দলের পেসার আর্শদীপ সিং। হার্দিক দল ছাড়ার পর থেকেই মুম্বই ইন্ডিয়ানসের নতুন অধিনায়ক কে হবেন, তা নিয়ে নানা জল্পনা চলছিল। তবে সাম্প্রতিক ইঙ্গিতে মনে করা হচ্ছে, আগামী মরসুম অর্থাৎ আইপিএল ২০২৭-এ অভিজ্ঞতার উপরেই ভরসা রাখতে চলেছে পাঁচবারের চ্যাম্পিয়নরা।

রোহিতের পাশাপাশি মুম্বই ইন্ডিয়ানসের অধিনায়ক হওয়ার দৌড়ে সূর্যকুমার যাদব এবং তিলক ভার্মার নামও উঠে এসেছিল। গত মরসুমে হার্দিক মাঠের বাইরে থাকাকালীন কয়েকটি ম্যাচে মুম্বইকে নেতৃত্ব দিয়েছিলেন সূর্যকুমার। ফলে হার্দিক সরে গেলে সূর্যকুমারই পরবর্তী অধিনায়ক হতে পারেন বলে অনেকে ধারণা করেছিলেন। অন্যদিকে, ভবিষ্যতের নেতা হিসেবে তিলক ভার্মার কথাও ভাবা হচ্ছিল, কারণ ভারতীয় ক্রিকেটেও তাঁর দায়িত্ব ক্রমশ বাড়ছে এবং ইতিমধ্যেই তাঁকে ভারতের টি-২০ দলের সহ-অধিনায়ক করা হয়েছে। তবে বর্তমান পরিস্থিতিতে রোহিতের নামই সবচেয়ে বেশি জোরালোভাবে সামনে আসছে।

উল্লেখ্য, রোহিত শর্মার নেতৃত্বেই ২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৯ এবং ২০২০ সালে আইপিএল শিরোপা জিতেছিল মুম্বই ইন্ডিয়ানস। পাশাপাশি ২০২৪ সালে ভারতীয় দলকেও টি-২০ বিশ্বকাপ জেতান তিনি। ক্রিকেট মহলের মতে, এই সফল অধিনায়ককে নেতৃত্ব থেকে সরিয়ে রাখার সিদ্ধান্ত যে ঠিক ছিল না, তা উপলব্ধি করেই এবার ফের রোহিতের হাতেই দলের দায়িত্ব তুলে দিতে চলেছে মুম্বই ম্যানেজমেন্ট।