নাতনির মুখ দেখতে ভিডিও কলের অনুমতি পেল ২৬/১১ অভিযুক্ত তাহাউর রানা, কী শর্ত দিল আদালত?

সদ্যোজাত নাতনির মুখ দেখতে পরিবারের সঙ্গে ভিডিও কলে কথা বলার অনুমতি পেল ২৬/১১ মুম্বই হামলার অন্যতম মূল অভিযুক্ত তাহাউর হুসেন রানা। বুধবার দিল্লির বিশেষ এনআইএ আদালত এই অনুমতি দিয়েছে। উল্লেখযোগ্যভাবে, ২০০৮ সালের ২৬ নভেম্বরের মুম্বই হামলার ১৮তম বর্ষপূর্তির ঠিক আগের দিন এই নির্দেশ দিল আদালত।

আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী ১৪ ডিসেম্বর এবং ২০২৭ সালের ৪ জানুয়ারি, এই দু’দিন তিহাড় জেল থেকে আমেরিকায় থাকা পরিবারের সদস্যদের সঙ্গে ১০ মিনিট করে ভিডিও কলে কথা বলতে পারবে রানা। নির্ধারিত দিনগুলিতে সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে এই কথা বলার সুযোগ দেওয়া হয়েছে। তবে পুরো প্রক্রিয়াটি একাধিক কঠোর শর্তসাপেক্ষে অনুমোদন করা হয়েছে।

আদালত নিযুক্ত আইনজীবী নিশান্ত সিংয়ের মাধ্যমে ভিডিও কলের অনুমতি চেয়ে আবেদন করেছিল রানা। আবেদনে বলা হয়, ২০২৫ সালের ১০ এপ্রিল থেকে জেলবন্দি রয়েছে সে। তখন থেকে পরিবারের কোনো সদস্যের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ পায়নি। এমনকী, সদ্যোজাত নাতনির মুখও এখনো দেখতে পারেনি। থ্যাঙ্কসগিভিং ডে, বড়দিন এবং নতুন বছর উপলক্ষে পরিবারের সঙ্গে কথা বলার আবেদন জানিয়েছিল সে।

রানার এই আবেদনের বিরোধিতা করে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। তদন্তকারী সংস্থার বক্তব্য ছিল, বিচারবিভাগীয় হেফাজতে থাকা অবস্থায় ভিডিও কল করার কোনো আইনি অধিকার রানার নেই, তাই আবেদনটি খারিজ করা উচিত। দু’পক্ষের বক্তব্য শোনার পর বিশেষ বিচারক প্রশান্ত শর্মা নির্দিষ্ট দুটি দিনে ভিডিও কলের অনুমতি দেন।

কথোপকথনের ক্ষেত্রে কড়া নিয়ম বেঁধে দিয়েছে আদালত। ভিডিও কলের সময় তিহাড় জেলের সুপারকে উপস্থিত থাকতে হবে এবং পুরো কথাবার্তা রেকর্ড করা হবে। প্রথমে জেল সুপার নিজে ফোন করে রানার পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করবেন এবং তাঁদের সাড়া পাওয়ার পরেই ফোনটি রানার হাতে তুলে দেওয়া হবে। আদালত আরও জানিয়েছে, একই কারণ দেখিয়ে ভবিষ্যতে আর কোনো ভিডিও কলের আবেদন করতে পারবে না সে।

উল্লেখ্য, আমেরিকায় ১৪ বছরের সাজা ভোগ করার পর ২০২৫ সালে তাহাউর রানাকে ভারতে প্রত্যর্পণ করা হয় এবং ১০ এপ্রিল থেকে দিল্লির তিহাড় জেলের উচ্চ নিরাপত্তাবিশিষ্ট সেলে বিচারবিভাগীয় হেফাজতে রয়েছে সে। ২৬/১১ মুম্বই হামলার মামলায় ইতিমধ্যেই দ্বিতীয় সাপ्लিমেন্টারি চার্জশিট জমা দিয়েছে এনআইএ এবং আগামী মাসে অভিযুক্তদের বিরুদ্ধে চার্জ গঠন সংক্রান্ত শুনানি হওয়ার কথা রয়েছে।