জমি বিক্রি করে জঙ্গি অর্থায়নের ছক? রেয়াসিতে ২৯ কানাল সম্পত্তি বাজেয়াপ্ত করল পুলিশ

জম্মু-কাশ্মীরে সন্ত্রাসবাদ দমনে বড় পদক্ষেপ নিল পুলিশ। প্রায় তিন দশক আগে ভারত ছেড়ে পাকিস্তানে পালিয়ে গিয়েছিল ৩০ জন। এতদিন পর তাঁদের বিরুদ্ধে সামনে এল চাঞ্চল্যকর তথ্য। পুলিশের দাবি, পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে বসে ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালানোর চেষ্টা করছে ওই ৩০ জন। শুধু অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ নয়, জঙ্গি কার্যকলাপের জন্য অর্থ জোগাড় এবং স্থানীয় যুবকদের উগ্রপন্থায় প্ররোচিত করার অভিযোগও উঠেছে তাঁদের বিরুদ্ধে।

পুলিশের তথ্য অনুযায়ী, ১৯৯১ থেকে ২০০৩ সালের মধ্যে জম্মু-কাশ্মীরের রেয়াসি জেলার মাহোরে ও চাসানা এলাকার এই ৩০ জন নিখোঁজ হয়েছিলেন। পরবর্তী সময়ে তদন্তে উঠে আসে, তাঁরা পাকিস্তানে চলে গিয়েছিলেন এবং সেখানে বোমা তৈরি, আগ্নেয়াস্ত্র চালানো ও সন্ত্রাসবাদী কার্যকলাপের প্রশিক্ষণ নিয়েছিলেন। জম্মু-কাশ্মীরের পুলিশ প্রধান নলিন প্রভাত জানিয়েছেন, পাকিস্তানে বসে এই ব্যক্তিরা হিজবুল মুজাহিদিনের হয়ে কাজ করছেন বলে অভিযোগ রয়েছে।

তদন্তে আরও জানা গিয়েছে, পাকিস্তানে বসে থাকা অভিযুক্তরা রেয়াসি জেলায় নিজেদের পৈতৃক জমি বিক্রি করার চেষ্টা করছিলেন এবং সেই অর্থ সন্ত্রাসবাদী কার্যকলাপে ব্যবহার করার পরিকল্পনা ছিল। অর্থাৎ, সীমান্তের ওপার থেকে কার্যকলাপ পরিচালনার পাশাপাশি দেশের ভিতরে থাকা সম্পত্তিকেও অর্থের উৎস হিসেবে ব্যবহার করার চেষ্টা হচ্ছিল। এই আর্থিক যোগসূত্র বিচ্ছিন্ন করতেই সম্পত্তি বাজেয়াপ্ত করার পদক্ষেপ করা হয়েছে।

রেয়াসি পুলিশের তরফে পাঁচজন অভিযুক্তের প্রায় ২৯ কানাল স্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। ইউএপিএ বা বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনের অধীনে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। যাঁদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে, তাঁদের মধ্যে রয়েছেন মহোরের মহম্মদ কায়ুম ওরফে আবদুল কায়ুম, বদ্দেরের বশির আহমেদ ওরফে মাসুম, আরনাসের শওকত আলি হুন্ডার, থুরুর মঞ্জুর আহমেদ ওরফে মঞ্জুর হুসেন খান্তি এবং থুরুর ইমতিয়াজ আহমেদ।

পুলিশের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ২৯ নভেম্বর পাওয়া তথ্যের ভিত্তিতে মামলা দায়ের হয়েছিল এবং ভারতীয় ন্যায় সংহিতা ও ইউএপিএ-র বিভিন্ন ধারায় তদন্ত শুরু হয়। সাক্ষীদের বয়ান সংগ্রহ করে জমি বিক্রির মাধ্যমে অর্থ সংগ্রহের ছক সামনে আসার পরই সম্পত্তি বাজেয়াপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। জঙ্গিদের গতিবিধি ও অনুপ্রবেশের পাশাপাশি এবার অর্থের উৎস বন্ধ করার উপরেও জোর দিচ্ছে নিরাপত্তা বাহিনী।