বাংলার সড়ক পরিকাঠামোয় বড় বদলের প্রস্তুতি, শীর্ষ আধিকারিকদের নিয়ে রাজ্যে আসছেন নীতিন গডকড়ি

পশ্চিমবঙ্গে জাতীয় সড়ক পরিকাঠামোয় বড় পরিবর্তনের প্রস্তুতি শুরু হয়েছে। দীর্ঘদিনের জমি সমস্যা ও পরিকল্পনার অভাবে বছরের পর বছর আটকে থাকা জাতীয় সড়কের কাজগুলিতে এবার গতি আনতে তৎপর কেন্দ্র ও রাজ্য সরকার। কার্যত রেল বোর্ডের ধাঁচে সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রকের শীর্ষ আধিকারিকদের নিয়ে রাজ্যে আসছেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকড়ি। উত্তর থেকে দক্ষিণ—গোটা রাজ্য জুড়ে একাধিক গুরুত্বপূর্ণ মেগা প্রকল্পের কাজ খতিয়ে দেখার পাশাপাশি নতুন অর্থবরাদ্দ ও জমিজট কাটিয়ে বাংলার যোগাযোগের মানচিত্র বদলে দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে।
দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের মধ্যে যোগাযোগ আরও দ্রুত করতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে খড়গপুর–মোরগ্রাম ইকোনমিক করিডোরে। ভারতমালা প্রকল্পের অধীনে পশ্চিম মেদিনীপুরের খড়গপুর থেকে মুর্শিদাবাদের মোরগ্রাম পর্যন্ত প্রায় ২৩০ কিলোমিটার দীর্ঘ চার লেনের গ্রিনফিল্ড করিডোর তৈরি হচ্ছে পাঁচটি প্যাকেজে। বিশেষ করে ময়ূরাক্ষী সেতু থেকে মোরগ্রাম অংশে জমি অধিগ্রহণ ও নির্মাণে গতি এসেছে। অন্যদিকে, হাওড়ার কোণা এক্সপ্রেসওয়ের দীর্ঘদিনের যানজট মেটাতে জাতীয় সড়ক কর্তৃপক্ষের তত্ত্বাবধানে ছয় লেনের এলিভেটেড করিডোর নির্মাণের কাজ চলছে, যা কলকাতা ও হাওড়ার মধ্যে পণ্যবাহী ও যাত্রীবাহী যান চলাচলকে অনেকটাই মসৃণ করবে।
উত্তরবঙ্গ এবং সিকিম-ভুটান সীমান্ত সংযোগকারী সড়কগুলির উন্নয়নেও বড় পদক্ষেপ নেওয়া হয়েছে। সেবক থেকে সিকিম সীমান্ত পর্যন্ত ১০ নম্বর জাতীয় সড়কের প্রায় ৬৬ কিলোমিটার অংশের রক্ষণাবেক্ষণ ও সম্প্রসারণের দায়িত্ব এনএইচআইডিসিএল-এর হাতে যাওয়ায় ধসপ্রবণ এলাকায় রাস্তা স্থায়ী করার কাজ গতি পেয়েছে। পাশাপাশি, গ্যাংটকের বিকল্প যোগাযোগপথ হিসেবে বাগরাকোট–লাভা–আলগাড়া রুটের ৭১৭এ জাতীয় সড়কের কাজ দ্রুত এগোচ্ছে, যার মধ্যে বাগরাকোট-কাফের অংশের কাজ ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে।
আন্তঃরাজ্য যোগাযোগ ব্যবস্থায় অন্যতম মাইলফলক হতে চলেছে বারাণসী–কলকাতা গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ে। ঝাড়খণ্ড সীমান্ত থেকে পুরুলিয়া, বাঁকুড়া ও হুগলি হয়ে কলকাতার বাগনান সংলগ্ন এলাকায় পৌঁছাবে এই এক্সপ্রেসওয়ে। জমি হস্তান্তরের প্রক্রিয়ায় উল্লেখযোগ্য অগ্রগতি হওয়ায় প্রকল্পের কাজ এগিয়ে নিয়ে যাওয়ার পথ আরও প্রশস্ত হয়েছে। এই সড়ক চালু হলে পশ্চিমবঙ্গের সঙ্গে ঝাড়খণ্ড-সহ দেশের অন্যান্য প্রান্তের বাণিজ্যিক ও সাধারণ যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তন আসবে।
দক্ষিণবঙ্গ ও সীমান্তবর্তী এলাকার সংযোগ মজবুত করতেও একাধিক সড়কের কাজ জোরকদমে চলছে। ১২ নম্বর জাতীয় সড়কের বারাসাত–বড়জাগুলি এবং কৃষ্ণনগর–বহরমপুর অংশে সম্প্রসারণের কাজ এগোচ্ছে, যার মধ্যে বারাসাত–বড়জাগুলি অংশের চার লেনের কাজ প্রায় শেষ পর্যায়ে। এ ছাড়া ১৪ নম্বর জাতীয় সড়কে রানিগঞ্জ ও দুবরাজপুর বাইপাস এবং একাধিক রেলওয়ে ওভারব্রিজ তৈরি হচ্ছে এবং রাজ্য সরকারের অনুমোদনের পর বসিরহাট থেকে জঙ্গিপুর পর্যন্ত সীমান্তবর্তী ৩১২ নম্বর জাতীয় সড়কের সম্প্রসারণের কাজও শুরু হয়েছে। এই প্রকল্পগুলি নির্ধারিত সময়ে শেষ হলে যাতায়াতের সময় ও খরচ কমার পাশাপাশি শিল্প, বাণিজ্য ও পর্যটনে নতুন সম্ভাবনা তৈরি হবে।