ভোটার তালিকায় বাবার নাম বাদ পড়ায় আটকে সদ্যোজাতের জন্মের শংসাপত্র? কোচবিহারে চাঞ্চল্য

পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর ঘিরে এবার সামনে এল এক চাঞ্চল্যকর ঘটনা। ভোটার তালিকা থেকে বাবার নাম বাদ পড়ার জেরে গত দু’মাসেরও বেশি সময় ধরে জন্মের শংসাপত্র পাচ্ছে না কোচবিহারের এক সদ্যোজাত কন্যাসন্তান। পরিবারের অভিযোগ, বাবার নাম ভোটার তালিকায় না থাকায় আটকে গিয়েছে বসবাসের শংসাপত্র। আর সেই নথি না মেলায় শিশুর জন্ম নথিভুক্তির প্রক্রিয়াও সম্পূর্ণ হচ্ছে না। ঘটনাটি কোচবিহারের দিনহাটা-২ ব্লকের খাটামারি গ্রামের।
জানা গিয়েছে, স্থানীয় বাসিন্দা আবদুল হাবিবের স্ত্রী আমিনা খাতুন গত ৮ সেপ্টেম্বর দিনহাটা মহকুমা হাসপাতালে একটি কন্যাসন্তানের জন্ম দেন। এরপর মেয়ের জন্মের শংসাপত্রের জন্য হাসপাতাল ও স্থানীয় গ্রাম পঞ্চায়েতের দ্বারস্থ হন তাঁরা। কিন্তু পরিবারের অভিযোগ, শিশুর জন্ম নথিভুক্ত করার জন্য বাবার বসবাসের শংসাপত্র চাওয়া হয়। সেই শংসাপত্র পেতে গিয়েই সমস্যার মুখে পড়েন আবদুল হাবিব।
আবদুল হাবিবের দাবি, এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে তাঁর নাম বাদ পড়েছে। সেই কারণেই বসবাসের শংসাপত্র পেতে জটিলতা তৈরি হয়েছে। তাঁর আরও অভিযোগ, স্থানীয় চৌধুরীহাট গ্রাম পঞ্চায়েতের প্রধানের পদ বর্তমানে শূন্য থাকায় সেখান থেকে শংসাপত্র দেওয়া সম্ভব হচ্ছে না বলে জানানো হয়। এরপর তাঁকে স্থানীয় বিধায়কের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়। পরিবারের দাবি, তাঁর স্ত্রী এখনও ভোটার তালিকায় রয়েছেন এবং তাঁদের কাছে বাবা-মায়ের জন্মের শংসাপত্র ও ২০০২ সালের ভোটার তালিকার নথিও রয়েছে, তবুও সমাধান মেলেনি।
এ বিষয়ে দিনহাটা-২ ব্লকের বিডিও লামহু ওয়াংডি জানিয়েছেন, প্রশাসন বিষয়টি খতিয়ে দেখবে। তবে শিশুর জন্মের শংসাপত্র কবে পাওয়া যাবে, তা এখনও স্পষ্ট নয়। অন্যদিকে, ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতর। কোচবিহার জেলা বিজেপির সভাপতি অভিজিৎ বর্মন ওই ব্যক্তিকে ট্রাইব্যুনালে আবেদনের পরামর্শ দিয়েছেন। জেলা কংগ্রেস সভাপতি বিশ্বজিৎ সরকারের অভিযোগ, এসআইআর প্রক্রিয়ায় প্রকৃত ভোটারদের নাম বাদ পড়ায় সাধারণ মানুষ ভুগছেন। তৃণমূল নেতা কুণাল ঘোষের বক্তব্য, এ ধরনের সমস্যা সমাধানে রাজ্য ও কেন্দ্র উভয় সরকারকেই দায়িত্ব নিতে হবে এবং শিশুর জন্মের নথি যাতে আটকে না থাকে, তা নিশ্চিত করা জরুরি।
সব মিলিয়ে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার বিষয়টির সঙ্গে শিশুর জন্ম নথিভুক্তির যোগসূত্র নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। সাধারণ নাগরিক পরিষেবা যেন নথির জটিলতায় না আটকায়, তা নিয়ে প্রশাসনের পদক্ষেপের দিকে তাকিয়ে সবাই।