SIR-এর জের! নাম বাদ পড়া নিয়ে সুপ্রিম কোর্টে বড় প্রশ্ন, কী জানাল শীর্ষ আদালত?

বাংলার স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা SIR মামলা নিয়ে চূড়ান্ত তালিকা প্রকাশের পর চার মাস কেটে গেলেও আবেদনগুলির অ্যাডজুডিকেশনের (নিষ্পত্তি) হার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। এদিন আইনজীবী গোপাল শঙ্করনারায়ণ সাংসদ ইশা খান চৌধুরির একটি আরটিআই রিপোর্ট সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের সামনে তুলে ধরেন। কমিশনের তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত ৩৮ লাখেরও বেশি আবেদন জমা পড়েছে। তবে তাৎপর্যপূর্ণভাবে, এর মাত্র ৭ লক্ষ আবেদন ব্যক্তিগত আবেদনকারীদের তরফে নাম সংযুক্তির জন্য দাখিল হয়েছে, আর বাকি ৩১ লাখই নাম বাদ দেওয়ার আবেদন। এদিন সর্বোচ্চ আদালতে মামলাকারীদের তরফে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় উল্লেখ করেন, ৩১টি বিধানসভা কেন্দ্রে প্রার্থীরা যে ভোটে জয়ী হয়েছেন, তার থেকেও বেশি নাম বাদ গিয়েছে। একটি নির্দিষ্ট গোষ্ঠীকে টার্গেট করা হচ্ছে বলেও দাবি তোলা হয়। নতুন করে ভোট করানোর নির্দেশ দেওয়ার বিষয়টি বিবেচনা করার আগে বিচারপতিরা জানতে চান, ওই বিধানসভা কেন্দ্রগুলির কতগুলিতে ইলেকশন পিটিশন ফাইল হয়েছে। বিচারপতিরা স্পষ্ট জানান, ভোটের ফলাফল কী হয়েছে, তার থেকেও অ্যাডজুডিকেশনের হার নিয়ে তাঁরা বেশি চিন্তিত। প্রধান বিচারপতি সূর্যকান্ত উল্লেখ করেন, অন্তত পরবর্তী প্রক্রিয়া বা নির্বাচনের আগে সমস্ত অ্যাডজুডিকেশনের দ্রুত নিষ্পত্তি হওয়া প্রয়োজন। জাতীয় নির্বাচন কমিশনের কাছে আদালতের তরফে জানতে চাওয়া হয়েছে, ট্রাইবুনালে কত আবেদন জমা পড়েছে, তার মধ্যে কতগুলি নাম সংযুক্তির এবং কতগুলি নাম বাদ দেওয়ার আবেদন রয়েছে। পাশাপাশি, আবেদনের নিষ্পত্তির হার কেমন এবং অতিরিক্ত ট্রাইবুনালে বিচারক বা পরিকাঠামোর প্রয়োজন রয়েছে কি না, তাও জানতে চেয়েছে আদালত। পুজোর আগে ফের এই মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।