“৪,৫০০ কোটির ঋণের বোঝা”-উড়ছে মাত্র ১২-১৩টি প্লেন, চরম সঙ্কটে স্পাইসজেট?

এক সময় দেশের দ্বিতীয় বৃহত্তম লো-কাস্ট এয়ারলাইন্স ছিল স্পাইসজেট। কিন্তু বর্তমান পরিস্থিতি দেখলে তা বিশ্বাস করাই কঠিন। আর্থিক সঙ্কট, বিমানের তীব্র অভাব এবং একের পর এক ফ্লাইট বাতিলের জেরে এখন সংস্থার অস্তিত্বই প্রশ্নের মুখে। পরিস্থিতি এতটাই খারাপ যে, কর্মীদের ঠিকমতো বেতন দেওয়ার মতো অর্থও হাতে নেই সংস্থার, এমনটাই অভিযোগ তুলছেন খোদ কর্মীরা।
২০০৫ সালের মে মাসে কম খরচে বিমান পরিষেবা দেওয়ার লক্ষ্য নিয়ে বাজারে নেমেছিল স্পাইসজেট। কম দামের টিকিটই ছিল তাদের মূল শক্তি। খুব দ্রুত সাধারণ মানুষের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠে সংস্থাটি। কিন্তু কোভিডের পর থেকে তাদের আর্থিক সঙ্কট বাড়তে থাকে। বর্তমানে সংস্থার মোট দেনার পরিমাণ সাড়ে চার হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে।
কেন এই করুণ দশা?
অনেকেই হয়তো জানেন না যে এভিয়েশন সংস্থাগুলি সব বিমান সম্পূর্ণ টাকা দিয়ে কেনে না। বেশিরভাগ প্লেন লিজ বা ভাড়ার ভিত্তিতে চালানো হয়। নিয়মিত সেই ভাড়ার টাকা মেটাতে হয় লিজদাতা সংস্থাকে। কিন্তু স্পাইসজেটের ক্ষেত্রে বহু মাসের লিজের টাকা বকেয়া রয়েছে। এর পাশাপাশি বিমানবন্দর কর্তৃপক্ষের বকেয়া ভাড়াও মেটানো যায়নি। কর্মীদের একাধিক পাওনাও বাকি পড়ে আছে। টাকা মেটাতে না পারায় বেশ কয়েকটি বিদেশি সংস্থা ইতিমধ্যে আইনি পদক্ষেপও করেছে।
হাতে মোটে ১২-১৩টি বিমান
পরিসংখ্যান বলছে, স্পাইসজেটের কাছে এই মুহূর্তে সচল বিমানের সংখ্যা মাত্র ১২ থেকে ১৩টি। তার মধ্যে কয়েকটি আবার ভাড়ায় নেওয়া। বিমানের চরম অভাবে অনেক গুরুত্বপূর্ণ রুটে ফ্লাইট চালানো অসম্ভব হয়ে পড়েছে। গত সেপ্টেম্বর মাসে দেশের অভ্যন্তরীণ উড়ান বাজারে এই সংস্থার ব্যবসা এক শতাংশেরও নিচে নেমে গেছে।
উড়ান বাতিলের ঘটনাও নিয়মিত ঘটছে। গত ৫ থেকে ৯ নভেম্বর, মাত্র পাঁচ দিনের মধ্যে ৩৩৩টি উড়ান বাতিল করেছে স্পাইসজেট। রিপোর্ট বলছে, প্রতি ১০০টি বিমানের মধ্যে সময় মতো ছাড়ছে মাত্র ১৬.৬টি বিমান। সংস্থার হাতে পর্যাপ্ত বিমান না থাকায় এই পরিস্থিতির দ্রুত কোনো সুরাহা হচ্ছে না।
বেতন নেই মাসের পর মাস
সংস্থার এই ধুঁকতে থাকা দশার সরাসরি প্রভাব পড়েছে সাধারণ কর্মীদের ওপর। অভিযোগ উঠেছে, বহু কর্মী গত জুন মাস থেকে কোনো বেতন পাননি। শুধু তাই নয়, এক বছরেরও বেশি সময় ধরে প্রভিডেন্ট ফান্ড, টিডিএস এবং জিএসটি বাবদ টাকা কেটে নেওয়া হলেও তা সরকারি অ্যাকাউন্টে জমা দেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে। অর্থের অভাবে বিমানের ইঞ্জিন বা জরুরি যন্ত্রাংশ কেনা সম্ভব হচ্ছে না। ফলে বহু বিমান সারানোর অভাবে হ্যাঙ্গারে বসিয়ে রাখতে বাধ্য হচ্ছে কর্তৃপক্ষ।
ভারতে উড়ান সংস্থার বিদায়ের ইতিহাস নতুন নয়
এর আগে জেট এয়ারওয়েজ, গো ফার্স্ট, এয়ার কোস্টা এবং ট্রু জেটের মতো সংস্থাগুলিও আর্থিক অনটনে পড়ে বাজার থেকে চিরতরে হারিয়ে গেছে। জেট ফুয়েলের চড়া দাম, মার্কিন ডলারের বিপরীতে টাকার দাম কমে যাওয়া, বিশাল ঋণের বোঝা এবং কম ভাড়ার ইঁদুরদৌড় প্রতিযোগিতা; সব মিলিয়ে এভিয়েশন ইন্ডাস্ট্রিতে টিকে থাকা যেকোনো সংস্থার জন্যই এক কঠিন লড়াই। এই পরিস্থিতিতে স্পাইসজেট শেষ পর্যন্ত ঘুরে দাঁড়াতে পারবে নাকি ইতিহাসের পাতায় হারিয়ে যাবে, এখন সেটাই দেখার বিষয়।